ধর্ষণের মিথ্যা অভিযোগ, ফাঁসলেন তরুণী
পুলিশের কাছে তিন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ করায় রোসি ডড (২০) নামের এক তরুণীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। তথ্য-প্রমাণে ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওই রায় দেন। ‘দ্য সান’ পত্রিকার খবরে বলা হয়, নটিংহ্যাম শহরের রোসি ডড চলতি বছরের শুরুর দিকে ওই তিন ব্যক্তির সঙ্গে দেখা করেন। এরপর তিনি অভিযোগ করেন, গত ৪ জুন ওই তিন ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছেন। এ ঘটনার পর ওই তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তাঁরা তিনজনই জানান, রোসি স্বেচ্ছায় তাঁদের সংসর্গে যান। তাঁরা কোনোভাবেই রোসির ওপর জোর খাটাননি। জিজ্ঞাসাবাদের পর তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। এই মামলার অধিকতর তদন্তের জন্য পুলিশ রোসিকেও জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি আবারও দাবি করেন, তাঁকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু এ বিষয়ে তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিলে তিনি স্বীকার করেন যে তিনি স্বেচ্ছায় ওই তিন ব্যক্তির সংসর্গে গিয়েছিলেন। কিন্তু পরে এ নিয়ে অনুশোচনায় ভোগার কারণে তিনি ওই মিথ্যা অভিযোগ দায়ের করেন। নটিংহ্যামের গোয়েন্দা কর্মকর্তা জিনা ফ্যারেল বলেন, ‘ধর্ষণের বিষয়গুলো আমরা খুবই গুরুত্বের সঙ্গে তদন্ত করি। অযথাই ওই তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগের কারণে তাঁদের কী পরিণাম হতে পারে তা ভেবে মোটেও অনুতপ্ত ছিলেন না রোসি। তাঁর মিথ্যা অভিযোগের তদন্ত করতে গিয়ে আমাদের সময় ব্যয় হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ওই সময়টা আমরা গুরুত্বপূর্ণ কোনো মামলার তদন্তে ব্যয় করতে পারতাম। এতে অনেকে হয়তো উপকৃত হতো।’