ধর্ষণের শিকার নারীও সমান অপরাধী!
ভারতের আধ্যাত্মিক গুরু আশারাম বাপু বলেছেন, ১৬ ডিসেম্বর দক্ষিণ দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনার জন্য ২৩ বছর বয়সী সেই মেডিকেল-ছাত্রীও দায়ী। তিনি বলেছেন, ‘কেবল পাঁচ-ছয়জন মানুষই অপরাধী নয়। ভুক্তভোগীও ধর্ষণকারীদের মতোই অপরাধী। তিনি (ছাত্রী) অপরাধীদের ভাই বলে সম্বোধন করতে পারতেন এবং এ ধরনের কাজ বন্ধ করতে তাদের কাছে অনুরোধ জানাতে পারতেন। এতে করে তাঁর (ছাত্রী) সম্মান ও জীবন রক্ষা পেত।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এক হাতে তালি বাজে না।’‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, আত্মস্বীকৃত ভালো মানুষ আশারাম ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীকে দায়ী করেই ক্ষান্ত হননি, তিনি ধর্ষকদের কঠোর শাস্তির বিপক্ষেও কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমরা দেখেছি, এ ধরনের আইনের অপব্যবহার করা হয়েছে। যৌতুকবিরোধী আইনটি এর বড় উদাহরণ।’এদিকে, ধর্ষণের শিকার হয়ে সিঙ্গাপুুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ছাত্রীর মৃত্যুর সপ্তাহের বেশি সময় পর আধ্যাত্মিক গুরুর এ মন্তব্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে ভারতের বিভিন্ন মহলে। গত ২৯ ডিসেম্বর ওই ছাত্রীর মৃত্যুর পর ধর্ষণকারীদের বিচার নিয়ে ভারত যখন উত্তাল, ঠিক সেই মুহূর্তে আশারামের এ মন্তব্য বিক্ষুব্ধদের নতুন করে উসকে দিতে পারে।