ধর্ষিতার ফরেনসিক পরীক্ষা: চিকিত্সক ও পুলিশকে হাইকোর্টে তলব
ধর্ষিতা এক কিশোরীকে তিন সন্তানের জননী উল্লেখ করে প্রতিবেদন দেওয়ায় বরিশালের শেবাচিমের ফরেনসিক বিভাগের চিকিত্সক আক্তারুজ্জামান তালুকদারকে ১৯ জানুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন উজিরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমানকে হাজির হতে বলা হয়েছে। জন্মনিবন্ধন অনুযায়ী ওই ছাত্রীর বয়স ১৩ বছর এক মাস।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।‘শেবাচিমে ফরেনসিক রিপোর্ট: উজিরপুরের ধর্ষিত কিশোরী ৩ সন্তানের জননী!’ শিরোনামে আজ একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এটা আদালতের নজরে এনে পড়ে শোনান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন।এ বি এম আলতাফ হোসেন পরে প্রথম আলোকে বলেন, ওই প্রতিবেদন দেওয়ায় চিকিত্সকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে চিকিত্সককে এবং আসামিদের জামিন বাতিলের জন্য কেন দরখাস্ত করা হবে না, তা জানাতে পুলিশ কর্মকর্তাকে ১৯ জানুয়ারি হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।প্রতিবেদনে বলা হয়, উজিরপুর উপজেলায় গত বছরের ১৯ নভেম্বর জেসিডি পরীক্ষা চলাকালে এক কিশোরী ধর্ষণের শিকার হয়। ধর্ষণকারীরা ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরে ওই কিশোরীর ভাই বাদী হয়ে একটি মামলা করে। পুলিশ ধর্ষণের ঘটনা পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বরিশাল শেবাচিম হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। ওই বিভাগের চিকিত্সক আক্তারুজ্জামান তালুকদার প্রতিবেদন দেন। এতে উল্লেখ করা হয়, ধর্ষিতা তিন সন্তানের জননী, তার বয়স ২৫ বছর।