বংশী নদীর সঙ্গে যুক্ত কর্ণপাড়া খালে বাঁশের সীমানা দিয়ে চলছে ভরাট
ধলেশ্বরী নদীতে আবাসন প্রকল্প, পোশাক কারখানা
রাজধানীর অদূরে সাভারে ধলেশ্বরী নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে তৈরি পোশাক কারখানা, ঘরবাড়ি, দোকান ও টংঘর। এমনকি আবাসন ব্যবসায়ীরা কোনো কোনো স্থানে নদীর এক-তৃতীয়াংশ দখল করে বালু ফেলে তা ভরাটও করছেন।বংশী নদী থেকে প্রকাশ্যেই বালু তোলা হচ্ছে। নদীটির শাখা-প্রশাখায় বাঁশের খুঁটি গেড়ে সীমানা দেওয়া হয়েছে। ময়লা ও বর্জ্য ফেলে তা ভরাট করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এসব কাজ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।নদী দখল ও ভরাটের বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাব্বি মিঞা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পর্যায়ে আমাদের এ বিষয়ে কিছু করার ক্ষমতা নেই। তার পরও আমি অনেক চেষ্টা করেছি, লাভ হয়নি। এ জন্য জাতীয় পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। আপনারা নিউজ করেন, তাতে যদি কোনো কাজ হয়।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শাহেদুর রশিদ প্রথম আলোকে জানান, ঢাকার চারপাশে থাকা নিচু জায়গাগুলো ঢাকার প্রাণ। অবৈধ দখলদারদের দখল ও ভরাটের কারণে এসব নিচু স্থান আর ঢাকাকে রক্ষা করতে পারছে না। দখলদারেরা ধলেশ্বরী ও বংশী নদী দখল করার মধ্য দিয়ে বুড়িগঙ্গার উত্সমুখে পানি চলাচলের পথ বন্ধ করে ফেলছে। এতে একসময় এসব নদী হারিয়েও যেতে পারে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যে কেউ চাইলেই নদী থেকে বালু তুলতে পারে না। ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়েল ১৯৯০ অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা বালুমহাল চিহ্নিত করেন এবং সর্বোচ্চ দরপত্র প্রদানকারীর কাছে এক বছরের জন্য ইজারা দেন। ইজারায় বিভিন্ন শর্ত মেনে চলতে হয়। যেমন—কত গভীর থেকে বালু উত্তোলন করা যাবে, নদীর জনপদে যেন ভাঙনের সৃষ্টি না হয়, নদীর নাব্যতা প্রভাবিত না হয়, নৌযান চলাচলে যেন বাধা সৃষ্টি না হয় ইত্যাদি। তিনি আরও বলেন, অনেকেই বালু তুলে নদীর মধ্যেই রেখে দেয়। এটা ইজারার শর্তের লঙ্ঘন। হাইকোর্টের আদেশেও এ ধরনের কাজ করতে নিষেধ আছে। নদী ভরাট করে আবাসন প্রকল্প: গতকাল বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নের অংশে ধলেশ্বরী নদীতে গড়ে তোলা হচ্ছে জনতা হাউজিং। আবাসন প্রকল্পের জন্য নদীর প্রায় ২০০ গজ জায়গা অবৈধভাবে দখল ও ভরাট করে ফেলা হচ্ছে।তেঁতুলঝাড়া উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে শুরু করে নদীর প্রায় অর্ধেক জায়গায় সীমানা দিয়ে তাতে বালু ফেলা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, ২০-২৫ বছর আগে তেঁতুলঝাড়ার এই স্থানে চর পড়ে। ১৫ বছর আগে জনতা হাউজিং অবৈধভাবে ওই চর দখল করে আবাসন প্রকল্পের কাজ শুরু করে। পাশাপাশি নদীর জায়গায় বালু ফেলে ভরাট করতে থাকে। তিন-চার বছর আগে অবৈধভাবে দখল করা জায়গায় সীমানা দেয়াল তৈরি করে দেয়। ওই দেয়ালের ভেতরে বালু ফেলে ভরাট করা হচ্ছে। এ বিষয়ে কথা বলার জন্য জনতা হাউজিং কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। শুধু এই আবাসন প্রকল্পই নয়, হেমায়েতপুর-সিঙ্গাইর সেতুর দক্ষিণ-পূর্ব পাশে ধলেশ্বরী নদীর প্রায় এক-তৃতীয়াংশ ভরাট করে ফেলা হয়েছে। তাতে সীমানাপ্রাচীরও তৈরি করা হয়েছে।দক্ষিণ ফুলবাড়িয়ায় ধলেশ্বরী নদীর অংশে তেঁতুলঝাড়া খাল দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি। তা ছাড়া ফুলবাড়িয়া ও তেঁতুলঝাড়া ইউনিয়নের বিভিন্ন অংশে বালু ফেলে নদী ভরাট করে ফেলা হচ্ছে।নদীতে পড়ছে কারখানার বর্জ্য: ফুলবাড়িয়া অংশে ধলেশ্বরী নদী দখল করে নির্মাণ করা হয়েছে এ কে এইচ নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড। আট তলাবিশিষ্ট এই প্রতিষ্ঠানটি স্পষ্টতই নদীর ওপরে দাঁড়িয়ে আছে। এর সীমানাপ্রাচীরের বেশ কিছু অংশও পানির নিচে ডুবে আছে।এই প্রতিষ্ঠানটির রাসায়নিক বর্জ্যও সরাসরি নদীতে ফেলা হচ্ছে। তবে বিষয়টি লুকানোর জন্য বর্জ্য ফেলার পাইপগুলো নীল রঙের প্লাস্টিক দিয়ে মোড়নো হয়েছে। প্রতিষ্ঠানটির বর্জ্য ফেলার কারণে ওই স্থানের নদীর পানি সারাক্ষণই কালো থাকে।প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন ব্যবস্থাপক ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী এখানে বর্জ্য নিষ্কাশন করা হয়। তবে গত ২৯ আগস্ট থেকে কারখানায় স্থাপিত ইটিপির আধুনিকায়ন ও সংস্কার করা হচ্ছে। শনিবার থেকে ইটিপি চালু করা হবে। নদীর জায়গা দখল করে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়নি বলে দাবি করেন তিনি।আবর্জনা ফেলে নদী ভরাট: বংশী নদী ধরে কিছু দূর এগোলেই কর্ণপাড়া খাল। দোয়েল ফ্যাক্টরির দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত কর্ণপাড়া খালটিতে নিয়মিত ফেলা হচ্ছে আবর্জনা। আর এ জন্য নেওয়া হয়েছে অভিনব পন্থা। খালের মাঝামাঝি স্থানে বাঁশ দিয়ে সীমানা বেড়া দিয়ে তার মধ্যে আবর্জনা ফেলা হচ্ছে।দোয়েল ফ্যাক্টরি ও সরকারের ভূমি দপ্তরের মানবসম্পদ উন্নয়ন খালটি দখলে যৌথভাবে ভরাট করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সাভার-ধামরাই নদী ও পরিবেশ উন্নয়নের যুগ্ম সম্পাদক রহিম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তিন চার মাস আগে হঠাৎ করে বাঁশের সীমানা দেওয়া হয়। তারপর থেকে সাভার পৌরসভা, আবাসিক এলাকা, বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য ও ময়লা এনে বাঁশের সীমানার ভেতরে ফেলা হচ্ছে। এর ফলে খালের পানি প্রবাহ কমে যাচ্ছে। কমছে ফসলের উত্পাদন: ধলেশ্বরী, বংশী নদী এবং এদের সঙ্গে সংযুক্ত খালগুলো ভরাট ও দখলের কারণে নদীর পানির প্রবাহ কমে যাচ্ছে। স্থানীয়রা জানান, কর্ণপাড়া খালের পানি ব্যবহার করে বিলবাগীল এলাকার মানুষ কৃষি কাজ করে, বিভিন্ন ফলস ফলায়। ভরাটের কারণে খালের আয়তন ছোট হয়ে গেছে, পানির প্রবাহও আগের মতো নেই। ফলে ফসলের উত্পাদনে এর প্রভাব পড়েছে।অধ্যাপক শাহেদুর রশিদ বলেন, সাভারের বংশী ও ধলেশ্বরী নদীবেষ্টিত এই এলাকাকে রাজউক ‘এগ্রিকালচারাল হাই ভেল্যু জোন’ ঘোষণা করেছিল। কিন্তু আবাসন প্রকল্প ও শিল্প এলাকা গড়ে ওঠায় নদী ভরাট হয়ে যাচ্ছে ও দূষিত হয়ে পড়ছে। এর প্রভাবে ফসল উত্পাদনের পরিমাণও কমছে।