ধলেশ্বরী নদীর তীরে ভরাট করা জায়গার মাটি সরানো শুরু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লারহাটে ধলেশ্বরীর শাখা নদীর তীরে অবৈধভাবে ভরাট করা মাটি সরানোর কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে একটি এস্কেভেটরের সাহায্যে মাটি কেটে দুটি ট্রলারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এ কাজে ১০ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এ কাজ গতকাল সন্ধ্যা পর্যন্ত চলে।অবৈধ দখলদার এমবিসি ইটভাটার মালিক মোসলেম উদ্দিন মোল্লা ঘটনাস্থলে উপস্থিত থেকে মাটি সরানোর কাজ তদারক করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি না বুঝে নদীর জায়গা অন্যায়ভাবে ভরাট করে অপরাধ করেছি। আমার ভুলের মাশুল আমাকে দিতে হচ্ছে। ভরাট করা জায়গা থেকে আমি নিজ খরচে মাটি অপসারণের কাজ সম্পন্ন করব। এ কাজে প্রয়োজনে আরও লোক নিয়োগ দেব।’কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া খান দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, ধলেশ্বরী নদীর তীর মাপজোক করে সীমানা নির্ধারণ করা হচ্ছে। মোসলেম উদ্দিন মোল্লা নদীর যতটুকু জায়গা অবৈধভাবে ভরাট করেছেন, ওই জায়গার মাটি তাঁকে দিয়েই অপসারণ করানো হবে।নির্বাহী হাকিম মো. কামরুজ্জামান বলেন, নদীর জায়গা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য দখল করা জায়গার মাটি অপসারণ করতে বলা হয়েছে। এ জন্য মোসলেম উদ্দিন মোল্লাকে দুই দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মাটি পুরোপুরি অপসারণ করা না হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্ডোগ্রাফি বিভাগের উপপরিচালক মো. ফজলুর রহমান, ঢাকা নদীবন্দরের উপপরিচালক মো. কবির হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাফেজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া খান উপস্থিত ছিলেন।