ধসে পড়েছে চট্টগ্রাম মেডিকেল কর্মচারীদের ভবনের বারান্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরামতকাজ চলাকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি আবাসিক ভবনের বারান্দা আজ রোববার ধসে পড়েছে। এতে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ওখানকার বাসিন্দাদের সরিয়ে ভবনটি সিলগালা করে দেওয়া হয়।এর আগে গতকাল শনিবার নগরের বিবিরহাটে একটি ছয়তলা ভবন হেলে পড়ার পর সেটি সিলগালা করে দেওয়া হয়েছে।আজ বেলা ১১টার দিকে মেডিকেল হাসপাতালের পেছনে গোয়াছিবাগান এলাকায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের তিন তলাবিশিষ্ট ২৫ নম্বর ভবনের দ্বিতীয় তলার বারান্দা ধসে পড়ে। পরে আতঙ্কিত বাসিন্দারা নিচে নেমে আসে। বারান্দা পড়ে যাওয়ায় দ্বিতীয় তলার দুই বাসিন্দা ভেতরে আটকা পড়ে। কারণ, ওই বারান্দা দিয়ে তাদের ঘরে ঢুকতে হতো। পরে তাদের উদ্ধার করা হয়।ঘটনার পরপর চকবাজার থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সিলগালা করে দেন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই সিলগালা করে দেওয়া হয়েছে। আশপাশের ভবনগুলোর অবস্থাও ভালো নয়। তবে গণপূর্ত বিভাগের সঙ্গে কথা বলে বাকিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেব।’প্রসঙ্গত, গোয়াছিবাগান এলাকায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য অর্ধশত বছরের পুরোনো এ রকম পাঁচটি ভবন রয়েছে। এগুলোতে ৫৬টি পরিবার বসবাস করে। সবগুলো ভবনের অবস্থা নাজুক। কোনোটির পলেস্তারা খসে গেছে, কোনোটির ছাদ চুইয়ে পানি পড়ে।গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবু তাহের বলেন, ভবনগুলো যে ঝুঁকিপূর্ণ, তা আমরা এক বছর আগেই বলেছি। এখন আমরা কিছু মেরামতকাজ করছিলাম। তখন একটি বারান্দা ধসে পড়ে।’