ধসের আশঙ্কা কোনো মহলেই তেমন গুরুত্ব পেলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের মূল্যসূচক ও লেনদেন এক বছর ধরেই বৃদ্ধি পাচ্ছিল। গত সেপ্টেম্বর মাস থেকে এই বৃদ্ধি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়। সেপ্টেম্বরের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ছিল ছয় হাজার ৭৭৪ পয়েন্ট। মাত্র তিন মাসের ব্যবধানে ডিসেম্বরের ৫ তারিখে এই সূচক বৃদ্ধি পেয়ে আট হাজার ৯১৮ পয়েন্টে পৌঁছায়। এই দ্রুত সম্প্রসারণের অনেক কারণই থাকতে পারে, কিন্তু তার কোনোটিই দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত নয়। অর্থাৎ এই উত্থান অর্থনৈতিক উন্নয়নের কারণে ঘটেনি। এই অতি মূল্যায়িত বাজার কোনো মৌল ভিত্তির ওপর দাঁড়িয়ে ছিল না। পুঁজিবাজার সম্পর্কে যাঁদের কিছু অভিজ্ঞতা আছে, তাঁদের প্রায় প্রত্যেকেই এ বিষয়ে একমত ছিলেন যে, বাজার আশঙ্কাজনকভাবে অতি মূল্যায়িত এবং এই বাজারের একটা বড় ধরনের সংশোধন অনিবার্য। সূচক যখন আট হাজার পয়েন্ট অতিক্রম করে গেল, তখন ক্রমান্বয়ে এটি স্পষ্ট হয়ে পড়ল, এই বাজার সংশোধনটি ধীরে ধীরে হওয়ার সম্ভাবনা কম, বরং একটি বড় ধরনের ধসের মাধ্যমেই তা ঘটতে পারে। এটা অত্যন্ত দুঃখজনক যে, শিগগিরই একটি বড় ধরনের ধস ঘটার আশঙ্কা মেনেও বিষয়টি কোনো মহলেই তেমন গুরুত্ব পেল না এবং সবার চোখের সামনে গত এক সপ্তাহে মানুষের বিশাল অঙ্কের অর্থ হারিয়ে গেল। এই মানুষগুলোর অধিকাংশই অনভিজ্ঞ ক্ষুদ্র বিনিয়োগকারী। তাদের বেশির ভাগই যেমন অতি মুনাফার লোভ সংবরণ করতে না পেরে না বুঝেই বিনিয়োগ করে, তেমনি পড়ন্ত বাজারে আবার আতঙ্কিত হয়ে ক্ষতি স্বীকার করে দ্রুত শেয়ার বিক্রি করে দেয়।এটা সত্য যে, পুঁজিবাজার নিয়ন্ত্রণ একটি জটিল কাজ। আর্থিক ভিত্তি ছাড়াও এই বাজারে বিনিয়োগকারীদের মনস্তত্ত্ব, প্রচণ্ড লোভ, আতঙ্ক, গুজব এবং বিভিন্ন ধরনের কারসাজি কাজ করে। এর পরও বলা যায়, গত এক বছর এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অতি মূল্যায়িত বাজারকে আরও ইন্ধন জুগিয়েছে। বাজারের একটি প্রধান সমস্যা ছিল চাহিদা এবং সরবরাহের মধ্যে বিরাট পার্থক্য। সরবরাহ তেমনটি বৃদ্ধি পাচ্ছিল না। এমনকি বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও সরকারি কোম্পানিগুলো বাজারে আসছিল না। এমন পরিস্থিতিতে চাহিদা যেন বৃদ্ধি না পায়, সেদিকে দৃষ্টি দেওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে চাহিদা বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। জানা মতে, সারা দেশে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকার হাউসের ২৭০টি শাখা খোলা হয়েছে এবং ঢাকা শহরেই খোলা হয়েছে ৭০টি সম্প্রসারিত অফিস। শেয়ার মেলা করে বিনিয়োগকারী বৃদ্ধি করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। ফলে এই এক বছরে চাহিদা বহু গুণ বৃদ্ধি পেয়ে সীমিত সরবরাহের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি ও দ্রুত মূল্যবৃদ্ধিতে সহায়তা করেছে। কিছু কিছু ব্যাংক বৈধ সীমা অতিক্রম করে পুঁজিবাজারে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে বাজারকে কৃত্রিমভাবে চাঙা করেছে। কোনো ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ করছে কি না, তা তত্ত্বাবধান করার কি কেউ ছিল না? সম্প্রতি আমরা আরও জেনেছি, কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক থেকে শিল্পঋণ নিয়ে তা পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়েছে। প্রতীয়মান হয়, এসব বিষয়ে অনেকেই বেশ উদাসীন ছিলেন। এ ছাড়া ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারকে ১০ টাকায় রূপান্তর করার সিদ্ধান্ত, শেয়ারের মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে সম্পদ পুনর্মূল্যায়ন, সঞ্চয়পত্রের মুনাফা হ্রাস ইত্যাদি বিষয় অস্থির পুঁজিবাজারকে আরও চাঙা করেছে। সর্বোপরি, এসইসি বিভিন্ন সময় সিদ্ধান্তে অটল থাকতে ব্যর্থ হয়েছে এবং ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন করে বাজার অস্থিতিশীল করেছে। একেবারে শেষ মুহূর্তে ছাড়া অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং এসইসি যৌথভাবে পুঁজিবাজার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নিয়েছে বলে জানা যায় না। এসব কিছুর পরিণতি আমরা গত দু-তিন সপ্তাহে দেখতে পেয়েছি। গতকাল সোমবার মাত্র এক ঘণ্টার মধ্যে মূল্যসূচকের প্রায় ৭০০ পয়েন্ট পতন হওয়ার কারণে এক্সচেঞ্জগুলোর লেনদেন বন্ধ করে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নিতে হয়েছে। আশার কথা, এর পরপরই এসইসি ঋণ প্রদানের অনুপাত ১:২-তে উন্নীত করে এবং মার্চেন্ট ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা বৃদ্ধিসহ আরও কিছু পদক্ষেপ নিয়েছে। জানা যায়, বাংলাদেশ ব্যাংক একক পার্টি এক্সপোজার-সম্পর্কিত বাধানিষেধ শিথিল করেছে। এতে ব্যাংক থেকে মার্চেন্ট ব্যাংকে ঋণপ্রবাহ বৃদ্ধি পাবে। এসব পদক্ষেপ কিছুটা হলেও বিনিয়োগকারীদের আতঙ্ক কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। তবে এ কথা মনে রাখা প্রয়োজন, বাজার মূল্যসূচক কৃত্রিম উপায়ে বৃদ্ধি করা সঠিক হবে না। বাজারকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। বিনিয়োগকারীদের বাজারের ওঠা-নামা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। আতঙ্কগ্রস্ত হয়ে ভালো মৌলভিত্তির শেয়ার কম মূল্যে ছেড়ে না দিয়ে তা ধরে রাখাই যুক্তিসংগত হবে। আমরা আশা করব, শিগগিরই আতঙ্কমুক্ত হয়ে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।লেখক: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান