গণপূর্ত অধিদপ্তর সাইনবোর্ডে লেখা একটি নোটিশ টাঙিয়ে দায়িত্ব শেষ করেছে
ধসের পর আবার পাহাড় কাটা!
চট্টগ্রামে পাহাড়ধসে ২৩ জন নিহত হওয়ার তিন দিনের মাথায় নগরের মতিঝর্না এলাকায় আবার দিনদুপুরে পাহাড় কাটা শুরু হয়েছে। মতিঝর্না সড়কের পাশে গণপূর্ত বিভাগের আওতাধীন বাটালি পাহাড় কেটে এর ঢালে নির্মাণ করা হচ্ছে দোকান। গত বৃহস্পতিবার থেকে এই পাহাড় কাটা চললেও পুলিশ কিংবা অন্যান্য দপ্তর রয়েছে নিশ্চুপ।গণপূর্ত অধিদপ্তর সাইনবোর্ডে লেখা একটি নোটিশ টাঙিয়ে দায়িত্ব শেষ করেছে। ওই পাহাড়ের ঢালে এর আগে আরও ১৫টি দোকান তৈরি করা হয়েছে। যাঁর বিরুদ্ধে পাহাড় কাটার নতুন অভিযোগ উঠেছে, তাঁর নাম পংকজ দাশ। তাঁকে প্রথমে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায়নি। পাশের রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী আবদুর রহিম বলেন, ‘পংকজ এই দোকানটি নতুন করে তুলছেন। ওখানে তাঁর আগেও দোকান ছিল। কিছুদিন আগে পাহাড়ধসে তা ভেঙে যায়। এখন মাটি পরিষ্কার করে নতুন করে তৈরি করছেন।’ রহিম জানান, তিনি অন্য এক ব্যক্তির কাছ থেকে দোকানটি ভাড়া নিয়েছেন। এ কারণে তাঁকে মাসে চার হাজার টাকা ভাড়া দিতে হয় বলে তিনি জানান। পরে পংকজ দাশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। পংকজ বলেন, ‘ওখানে আগেই আমার দোকান ছিল। কয়েক দিন আগে পাহাড়ধসে তা ভেঙে যায়। আমি পাহাড় কাটছি না। পাহাড়ের গোড়া থেকে মাটিগুলো সরিয়ে নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ওখানে যারাই দোকান করেছে, সবাই পাহাড়ের জায়গায় করেছে। কয়েক বছর আগে আমি সরকারি এই জায়গাটির দখলস্বত্ব কিনেছি ৪০ হাজার টাকা দিয়ে। প্রথমে স্থানীয় নেতারা পাহাড় কেটে জায়গা বা দোকান নির্মাণ করে পরে তা বিক্রি করেন।’সরেজমিনে দেখা গেছে, লালখান বাজারে মতিঝর্না সড়কের পাশে গণপূর্ত বিভাগের প্রায় ৬০ ফুট উঁচু পাহাড়ের গোড়ায় মাটি কাটা চলছে। যে স্থানে পাহাড়টি কাটা হচ্ছে, সেখানে একই লাইনে কিছুদূর পর পর ১৫টি দোকান রয়েছে। পাহাড় কেটে কয়েক বছর আগে এসব দোকান করা হয় বলে জানা গেছে। এই দুই দোকানের মাঝখানে একটা অংশ ফাঁকা ছিল। ওই ফাঁকা জায়গাটি বৃহস্পতিবার থেকে কাটা শুরু করেন পংকজ দাশ। লালখান বাজারের ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমদ বলেন, ‘মতিঝর্না সড়কের পাশে গণপূর্ত অধিদপ্তরের পাহাড়টি কেটে লাইন ধরে অনেক দোকান করা হয়েছে আগেই। এখন আবার কেউ পাহাড় কেটে দোকান করছে কি না, সেটা আমার জানা নেই। আমি আগামীকাল দেখব।’ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার থেকে কোনো রাখঢাক ছাড়াই সাত-আটজন শ্রমিক দিয়ে পাহাড় কাটা শুরু হয়। শুক্রবার সকাল থেকে একটি কালো পর্দা দিয়ে ভেতরে পাহাড় কেটে দোকান নির্মাণের কাজ চালাতে দেখা গেছে। স্থানীয় লোকজনের পক্ষ থেকে খুলশী থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানা গেছে। তবে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘পাহাড় কাটার বিষয়টি আমি শুনিনি। যদি কেউ পাহাড় কেটে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’ প্রথম আলোর এই প্রতিবেদক ও আলোকচিত্রী গত সোমবার ওই এলাকায় গিয়ে দোকানগুলোর ছবি ও সংবাদ সংগ্রহ করেন। ওই সময় গণপূর্ত অধিদপ্তরের একটি নোটিশসংবলিত সাইনবোর্ড সেখানে টাঙানো দেখা যায়।ওই বোর্ডে লেখা রয়েছে: ‘এই পাহাড়ে অবৈধভাবে দোকান বা ঘর করা দণ্ডনীয় অপরাধ। এসব কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো’। দুই দিন পর বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, দুই দোকানের মাঝখানে খালি অংশটিতে থাকা পাহাড়ের নিচের অংশ থেকে মাটি কেটে তা সরিয়ে নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি এখন শুনলাম। তবে ওই বাটালি পাহাড় কেটে কিছু দোকান আগে নির্মিত হয়েছে। পাহাড়টির মালিক গণপূর্ত বিভাগ। তারা যদি এসব বিষয়ে সজাগ না থাকে, তাহলে আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। এখন গিয়ে ভেঙে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা কাল যাব।’ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আসিফ ইমরোজ বলেন, এসব দোকান উচ্ছেদের জন্য তাঁরা জেলা প্রশাসনকে অনুরোধ করেছেন। যাঁরা পাহাড় কেটে দোকান তুলেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন কি না, জিজ্ঞেস করলে তিনি না-সূচক জবাব দেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড়ধসে ২৩ জনের মৃত্যু হয়। এর আগে রোববার বৃষ্টির সময় মতিঝর্নায়ও একটি পাহাড়-খণ্ড পড়ে নির্মাণাধীন চারটি ঘর ভেঙে যায়।