ধাতুতে স্বপ্নের আঁচড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে বংশাই নদী। এই নদীর জলে সাঁতার কেটে পার হয়েছে আমাদের শৈশব। সেই শৈশব আজও যেন পেতলের একটি বেল্ট দিয়ে বাঁধা—তবে একদিন পেতলের ওই বেল্টটিকে যে লুকিয়ে রেখেছিলাম ছেলেবেলার খেলার অবসরে, সেই বেল্টটি আমি আজও পাইনি। আজ রাধা-কৃষ্ণ, গণেশ, শিব, মনসা আর বুদ্ধমূর্তি তৈরিতে সময় কেটে যায়। যখন অবকাশ মেলে, আমার পেতলের বেল্টটিকে বারবার খুঁজে ফিরি।বেল্টটি এখন বংশাই নদীর মতোই মৃত। কিন্তু মানুষের ছেলেবেলার কি মৃত্যু ঘটে? কাজের ফাঁকফোকরে কেন যেন স্মৃতি হয়ে হানা দেয় আমার ছেলেবেলা, আমার সেই হারানো বেল্ট। এই যে আমি সুকান্ত বণিক, ৩৭ বছর বয়সে পৌঁছে ফেলে আসা জীবনের দিকে তাকিয়ে দেখি, কাঁসা-পেতল, মোমের গন্ধ, ঢালাইয়ের কাজ আর পেতলের মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে করতে কবে যেন বড় হয়ে গেছি!ঐতিহ্যগতভাবে আমাদের পরিবার কাঁসা-পেতলের শিল্পের সঙ্গে যুক্ত। ঠিক কবে বা কে প্রথম আমাদের পরিবারকে এই মেটাল শিল্প-অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেন, তার সঠিক লেখাজোখা আজ আর পাওয়া যাবে না। তবে পাঁচ প্রজন্মের বংশলতিকার হিসাব শনাক্ত করে এটুকু বলতে পারি, এই শিল্প-ঘরানার সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক ২০০ বছরের কম নয়। সেই যে লালবিহারী বণিক, শরত্চন্দ্র বণিক, সর্বমোহন বণিক এবং আমার বাবা ফণীভূষণ বণিক—পূর্বপুরুষের এই সমৃদ্ধ পরম্পরার মাধ্যমে কাঁসা-পেতলের কারুশিল্পের সঙ্গে আজ জড়িয়ে আছে আমার ক্ষুদ্র নামটিও।১৯৭৩ সালের ১৭ জানুয়ারি আমার জন্ম। যখন এতটুকুন ছিলাম, সে থেকে দেখে আসছি, আমাদের দোতলা বাড়ির এক কোণে আপন মনে কাজ করে চলেছেন বাবা-জেঠারা। কখনো তাঁরা মোমের সাজি তৈরি করছেন, সেই সাজির ওপর সাজাচ্ছেন মাটির প্রলেপ, আবার আগুনে পোড়ানোর পর তাতে পেতলের ঢালাই দিচ্ছেন পরম মমতা আর গভীর নিষ্ঠায়—এভাবেই কাঁসা-পেতলের গন্ধময় এক ভুবনে গায়ে বংশাই নদীর জল মেখে আমি বেড়ে উঠেছি।১৯৮৪-৮৫ সাল হবে। এক সাদা মেমসাহেব বাবার শিল্পকর্মে মুগ্ধ হয়ে তাঁকে একটি রঙিন টেলিভিশন উপহার দিলেন। টেলিভিশন সে সময় আমাদের কাছে বিশাল ব্যাপার, বিরাট আনন্দদায়ক ঘটনা। তবে এই ছোট্ট ঘটনাটির মধ্য দিয়েই সেদিন আমার কৈশোর-উত্তীর্ণ মন বুঝেছিল এই শিল্পের মহিমা। পুরোপুরি না হলেও অন্তত এটুকু সেদিন সে বুঝতে পেরেছিল যে এই শিল্পের মধ্যে এমন কিছু আছে, যা অন্যদের মুগ্ধ-বিস্ময়াবিভূত করতে পারে। তবে পারিবারিক এই পেশার সঙ্গে পরবর্তীকালে আমার জীবন জড়িয়ে যাবে—এমন ভাবনা মাথায় আসেনি সেদিন।কাঁসা-পেতলের শিল্পের সঙ্গে আমি নিজেকে যুক্ত করেছি নিতান্ত পারিবারিক ও অর্থনৈতিক প্রয়োজনে। ’৯৩-এ জেঠা সাক্ষীগোপাল বণিকের মৃত্যু হলো। আমাদের পরিবারে নেমে এল তীব্র অনটন। সেই দুর্যোগমুহূর্তে আমার বাবা ফণীভূষণ বণিক তাঁর পৈতৃক ব্যবসায় দেখছিলেন শুধু লোকসানের অঙ্ক। বস্তুত প্রযুক্তির নানা উত্কর্ষ ও আধুনিকায়নের ফলে কাঁসা-পেতলের প্রাচীন শিল্পটি জনরুচিতে তত দিনে ‘সেকেলে’ হয়ে যাচ্ছিল। সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। আমি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে শ্রমিক হিসেবে সিঙ্গাপুর যাওয়ার জন্য ঘোরাঘুরি করলাম কিছুদিন। কিন্তু ভাগ্যদেবী ছিলেন অপ্রসন্ন। অবশেষে কাঁসা-পেতলের পারিবারিক ব্যবসা নতুনভাবে গড়ে তোলার জন্য বাবার গদিতে বসতে হলো। তখন ভাবনায় এল, ঐতিহ্যকে ঠিক রেখে কীভাবে এই শিল্পকে আধুনিক ও যুগোপযোগী করে তোলা যায়। এ সময় আমার সঙ্গে পরিচয় ঘটে আমেরিকান নাগরিক মাথিও এস ফ্রিডমেনের। এন্টিক সংগ্রাহক এই মানুষটি আমাদের কাঁসা-পেতল শিল্পকর্ম দেখেন, মোহিত হন এবং এই শিল্পের শৈল্পিক-বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে সচেতন করে তোলেন আমাকে। পরবর্তীকালে বাংলাদেশ মেটাল কস্টিং: ফাইভ টেকনিক নামে একটি বইও লিখেছেন তিনি। মূলত তাঁর মাধ্যমেই আমেরিকায় পৌঁছে গেল ধামরাইয়ের কাঁসা-পেতলের শিল্প। কাঁসা-পেতলের তৈরি বুদ্ধমূর্তি কিংবা রাধা-কৃষ্ণ মূর্তির ঠাঁই মিলল যুক্তরাষ্ট্রের সাদা দালানকোঠায়।এরপর হয়তো সাফল্য এসেছে। সরস্বতীর পাশাপাশি দেখা মিলেছে লক্ষ্মীরও। বংশাই নদীতীরবর্তী অখ্যাত জনপদ ধামরাই খ্যাত হয়েছে কাঁসা-পেতলের হলুদাভ আলোয়। আর সেই আলোর ঝলকানি স্পর্শ করে, আমেরিকান দূতাবাসের আমন্ত্রণে ২০০২ সালে আমেরিকার ১০টি রাজ্য ঘুরে ঘুরে দেখেছি ওদের সংস্কৃতি-ঐতিহ্য। কাঁসা-পেতলের শিল্পে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ক্রাফট কাউন্সিলের ব্যবস্থাপনায় ২০০৭ সালে নেপালি শিল্পীদের সঙ্গে সংস্কৃতি বিনিময় কর্মসূচিতে অংশ নিতে গিয়েছি হিমালয়কন্যার সেই দেশে। এত সব সম্মাননার মধ্যেও বুকে খেদ থেকে যায়। কি আমেরিকা, কি নেপাল—ওদের লৌকিক ঐতিহ্যের চেয়ে আমাদের বাংলাদেশের কাঁসা-পেতলের শিল্পের ঐতিহ্যমূল্য কোনো অংশে কম নয়। এই শিল্প অনেক ক্ষেত্রে আমার দেশের শৈল্পিক ও ঐতিহ্যিক মহিমাকে আরও ওপরে তুলে ধরে। যদিও আমাদের এই সম্ভাবনাময় শিল্পটি আজও পুরোপুরি শিল্পের আকার পায়নি। আক্ষেপ এই, কাঁসা-পেতলে তৈরি এই নান্দনিক শিল্পকর্মের অধিকাংশ ক্রেতাই বিদেশি। দিনমান শ্রম ও ঘামে আমরা যে মূর্তিগুলো মূর্ত করে তুলি, শেষাবধি তা শোভা পায় বিদেশ-বিভুঁইয়ে।আমাদের দেশে বিপুল অর্থ খরচ করে বিভিন্ন শৌখিন শিল্পদ্রব্য কেনার বিষয়ে আগ্রহী মানুষ কম নেই। অথচ মেটালে প্রস্তুত করা আমাদের ঐতিহ্যবাহী এই শিল্পকর্ম ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা খুঁজে পাওয়া কঠিন।এখানে বলে রাখা ভালো, পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালেও কাঁসা-পেতলের শিল্প রয়েছে। তবে ওদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য এই, একই ডায়েস বা ছাঁচ দিয়ে ওরা অসংখ্য শিল্পকর্ম তৈরি করে। কিন্তু আমাদের পদ্ধতিটি একেবারেই ভিন্ন—হস্তনির্ভর। আমরা একটি ছাঁচ দিয়ে একটি মাত্র শিল্পকর্মই প্রস্তুত করি। ফলে কাঁসা-পেতলের শিল্পে আমাদের নান্দনিকতা অন্যদের চেয়ে সমৃদ্ধ।আমার পেতলের বেল্টটি হারিয়ে গিয়েছিল একদিন। সেই বেল্টের স্মৃতি বুকে নিয়ে বারবার স্বপ্ন দেখি, স্বপ্ন ভেঙে যায়। আজ চার বছর ধরে কাঁসা-পেতলের শিল্প রপ্তানির ক্ষেত্রে আমাদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সরকার যদি নিষেধাজ্ঞা তুলে নিয়ে এই সম্ভাবনাময় শিল্পের ব্যাপারে একটু সদয় হয়, বিভিন্ন বাণিজ্য মেলায় যদি মেটাল শিল্পের জন্য পৃথক কর্নারের ব্যবস্থা রাখা যায়, তবে দীর্ঘকাল বাহিত এই কাঁসা-পেতলের শিল্পের সুষমাও ছড়িয়ে পড়তে পারে দশদিগন্তে। অন্যদিকে কাঁসা-পেতলের শিল্পের কাঁচামাল আমাদের অগোচরেই পাচার হয়ে যায়। এই শিল্পের প্রতিষ্ঠার জন্য পাচার রোধ করাও জরুরি।আমি এক অভাজন। সম্বলও তেমন নেই—স্বপ্ন ছাড়া। দুচোখে তাই মুঠি মুঠি স্বপ্ন লেগে আছে। সেই স্বপ্নে দেখতে পাই, একদিন যে বালক তার পেতলের বেল্টটি হারিয়ে ফেলেছিল, যে বেল্টটি সে খুঁজে চলেছে আশৈশব—পেতলের সেই বেল্টের বদলে এখন সে তাকিয়ে আছে অসংখ্য অনিন্দ্য কাঁসা-পেতলের মূর্তির দিকে। যে মূর্তি লৌকিক বাংলার শৌর্য-গৌরবকেই মূর্ত করে তুলছে বারবার, বিশ্বের অবারিত আকাশে।অনুলিখন: নির্লিপ্ত নয়ন