ধান কাটা শুরু, কৃষক চান ন্যায্যমূল্য
নতুন ধান কাটা শুরু হয়ে গেছে। নতুন বোরোর চালও বাজারে আসতে শুরু করেছে। আগের বারের চেয়ে কৃষকের উৎপাদন খরচও এবার বেশি হয়েছে। ফলে টিকে থাকতে এখন কৃষক চান ন্যায্যমূল্য। এবার ধান কাটা পুরোদমে শুরুর আগেই সংগ্রহ-মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর ফলে কৃষককে ন্যায্যমূল্য দেওয়া সহজ হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে কৃষককে ন্যায্যমূল্য দিতে সংগ্রহের লক্ষ্যমাত্রা জরুরি ভিত্তিতে এবং দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞরা মনে করেন, প্রতি কেজি ধান ১৭ ও চাল ২৫ টাকা নির্ধারণ করায় এতে কৃষক ও ভোক্তা কারোরই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। তবে ভোক্তাদের একটু বেশি দরে চাল কিনতে হলেও যদি আগের মতো কৃষক ন্যায্যমূল্য না পান, তাহলে খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে। ভোক্তাকেও তখন বাজার থেকে কমপক্ষে ২৭ টাকায় এক কেজি চাল কিনতে হবে।বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা বিভাগের প্রধান উত্তম কুমার দেব ছোট মিলের মালিকদের কাছ থেকে চুক্তি করে ধান-চাল সংগ্রহের পরামর্শ দিয়েছেন। কেননা, আগের বার বড় বড় মিলের সঙ্গে চুক্তি করায় প্রকৃত কৃষকেরা লাভবান হননি।সরকার গত মঙ্গলবার ১১ লাখ টন চাল ও দেড় লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চালকল মালিক সমিতির নেতারা অবশ্য ধানের দাম নির্ধারণকে সঠিক বললেও চালের দাম পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন। দেড় কেজি ধানে এক কেজি চাল হয়—এ কথা উল্লেখ করে তাঁরা বলছেন, সরকারের এই হিসাবেই প্রতি কেজি চালের দাম ২৭ টাকার বেশি হওয়ার কথা। চালকলের মালিকেরা ১৭ টাকা কেজি দরে ধান কিনে ২৫ টাকায় বিক্রি করতে পারবেন না বলে মনে করছেন।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে এখনো চালের দাম ৪০ টাকার নিচে নামেনি। সুতরাং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশের ভেতর থেকেই চাল সংগ্রহ করতে হবে। ফলে সরকারের প্রধান লক্ষ্যই থাকবে যেকোনো মূল্যে ঘোষিত সংগ্রহ অভিযান সফল করা।চালের দাম পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা রাইস অনলাইন থেকে জানা গেছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে চালের দাম পড়তির দিকে। ভিয়েতনামের চাল টনপ্রতি ৩১০ থেকে ৩৪০ ডলার ও পাকিস্তানের চাল ৩৩০ থেকে ৩৯০ ডলারে নেমে এসেছে। অথচ এক মাস আগেও এই দেশ দুটিতে চালের দর ৪০০ থেকে ৪৭০ ডলারে ওঠানামা করেছে। তবে পাকিস্তান ও ভিয়েতনাম সেদ্ধ চাল উৎপাদন রপ্তানি করে এবং বাংলাদেশে এর চাহিদা না থাকায় আমদানি হয় না। বাংলাদেশের প্রধান চাল রপ্তানিকারক দেশ ভারত এখনো চাল রপ্তানি বন্ধ রেখেছে। ভারতের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, তারা এখনো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না। খাদ্য অধিদপ্তরের গুদামে বর্তমানে পাঁচ লাখ ৩০ হাজার টন চাল ও গম মজুদ আছে বলে জানা গেছে। আগামী দুই মাসের মধ্যে আরও আট লাখ টন গম বিদেশ থেকে আমদানি হয়ে দেশে আসছে। এই পরিস্থিতিতে সংগ্রহ অভিযানকে গতিশীল করতে গুদাম খালি করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে খাদ্য বিতরণ বাড়িয়ে গুদাম খালি করা যেতে পারে।সিপিডির গবেষণা পরিচালক উত্তম দেব সার্বিক পরিস্থিতিতে বলেন, হিসাব করে দেখা গেছে, প্রতি কেজি ধানে এবার ১২ টাকা খরচ পড়েছে। এ অবস্থায় কৃষককে উৎসাহ দিতে নির্ধারিত সংগ্রহ-মূল্য ঠিকই আছে। এই দামে সঠিকভাবে সংগ্রহ পারতে পারলে উৎপাদক ও ভোক্তা উভয়েই লাভবান হবেন।বড় মিলের মালিকদের কাছ থেকে চুক্তি করে ধান-চাল সংগ্রহ করায় কৃষকেরা লাভবান হন না—এ কথা উল্লেখ করে উত্তম দেব বলেন, বড় মিলের মালিকদের কাছে পুঁজি বেশি থাকায় তাঁরা বেশি করে ধান মজুদ করে রাখেন। এতে সরকারের সংগ্রহ অভিযান সফল হতে দেরি হয়। দ্রুত ধান বিক্রি করতে বাজারে আসা কৃষকদের কাছ থেকে ফড়িয়ারা কম দামে ধান কিনে নেন। ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন। কৃষক যাতে সরকার ঘোষিত দাম পেতে পারে, সে জন্য ছোট মিলের মালিকদের কাছ থেকে চুক্তি করে ধান-চাল সংগ্রহের পরামর্শ দিয়ে তিনি বলেন, ছোট মিলের মালিকদের পুঁজি কম থাকায় তাঁরা দ্রুত ধান কিনে তা আবার বিক্রি করে দেন। এতে হাটে আসা কৃষকেরা বেশি করে ধান বিক্রি করতে পারেন।খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান প্রথম আলোকে বলেন, সরকারের সংগ্রহনীতি অনুযায়ী, চালকলের মালিকদের মজুদ ও সরবরাহ ক্ষমতা বেশি থাকলেই তাঁদের সঙ্গে চুক্তি করা হয়। ছোট চালকলগুলো এই নীতির কারণেই বাতিল হয়ে যায়। গত বছর সংগ্রহ মৌসুমে ধানের দাম কমে যাওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং এবারও একই আশঙ্কা রয়েছে—এ বিষয়ে প্রশ্ন করা হলে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, গত বছর সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় এ বছর দেশে খাদ্য নিয়ে বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি। এ বছরও সংগ্রহ নিয়ে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার মধ্যে গিয়ে সংগ্রহ অভিযানকে ঝুঁকির মুখে ফেলা ঠিক হবে না।বাংলাদেশ অটো-মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির আহ্বায়ক লায়েক আলী চালের দাম নির্ধারণের সমালোচনা করে বলেন, ১৭ টাকা কেজি দরে ধান হাট থেকে কেনার পর চালকলে এনে শুকিয়ে বিক্রি করতে গেলে উৎপাদন খরচ ২৭ টাকা অতিক্রম করে যাবে। ফলে চালকলের মালিকদের পক্ষে ১৭ টাকায় ধান কেনা সম্ভব হবে না।দেশের বৃহত্তর চালের বাজার নওগাঁর চালকলের মালিক সমিতির সভাপতি নিরদ বরণ সাহা বলেন, বাজারে কিছু কিছু বোরো চাল আসতে শুরু করেছে। প্রতি কেজি চিকন চালের ধান ১৬ থেকে ১৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১০-১৫ দিনের মধ্যে মোটা ধান আসা শুরু হবে। তখন দাম কিছুটা কমতে পারে। তবে সরকার চালের দাম না বাড়ালে মিলের মালিকেরা ১৭ টাকা কেজি দরে ধান সংগ্রহ করবে না বলে তিনি মনে করেন।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ড. নাজনীন আহমেদ মনে করেন, কৃষককে ন্যায্যমূল্য দিতে হলে সরকার দুই ধরনের দর নির্ধারণের কথা ভাবতে পারে। যেমন—প্রথম মাসে যেসব মিলমালিক চাল সরবরাহ করবেন, তাঁরা ২৭ টাকা দর পাবেন। এর পর থেকে দর হবে ২৫ টাকা। এতে ঋণের চাপে থাকা কৃষকেরা দ্রুত ধান বিক্রি করতে পারবেন।কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বোরো মৌসুমে ৪৮ লাখ হেক্টর জমিতে এক কোটি ৮৭ লাখ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যশোর, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় আগাম বোরো ধান কাটা শুরু হয়েছে। ১০ দিনের মধ্যে উত্তরবঙ্গের বোরো ধান কাটা শুরু হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ সেবা বিভাগের পরিচালক হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, হাওর এলাকায় পাহাড়ি ঢলের কারণে কিছু ফসল নষ্ট হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দেওয়া তথ্য অনুযায়ী, এখন প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকায়। আর মাঝারি চাল ৩০ থেকে ৩৬ টাকায় এবং সরু চালের দর ৩২ থেকে সর্বোচ্চ ৪৪ টাকা। গত এক বছরে চালের দর বেড়েছে ২১ থেকে সাড়ে ৩২ শতাংশ পর্যন্ত। আর সরকারি হিসাবে, দেশে এখন মূল্যস্ফীতির হার ৯ দশমিক শূন্য ৬ শতাংশ। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন পুরোটাই নির্ভর করছে নতুন চালের দরের ওপর।