ধান-চাল ব্যবসায়ীদের ঋণ পরিশোধের সময়সীমা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান-চাল ব্যবসায়ী, চাতাল ও মিলমালিকদের ব্যাংক-ঋণ পরিশোধের সময়সীমা আরও কমানো হয়েছে। চালের মূল্যে ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকিয়ে বাজারে চালের সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বিধান অনুসারে এখন থেকে ধান ও চাল ব্যবসায়ীদের ব্যাংক থেকে নেওয়া সিসি (ক্যাশ ক্রেডিট বা নগদ টাকা ঋণ) অথবা ওডি (ওভার ড্রাফট বা সীমাতিরিক্ত ঋণ) ঋণ নিয়ে ৩০ দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে। আর মিলমালিকদের এ ঋণ পরিশোধ করতে হবে ৪৫ দিনের মধ্যে। বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার এক সার্কুলারে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে এ নির্দেশ দিয়েছে। এর আগে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক ধান-চাল ব্যবসায়ীদের সিসি ঋণ পরিশোধের সময়সীমা ৪৫ দিন এবং চাতাল ও মিলমালিকদের পরিশোধের সময়সীমা ৬০ দিন নির্ধারণ করেছিল। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা গতকালের নির্দেশে বলা হয়েছে, প্লেজ (পণ্য জমা রেখে ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ দেওয়া) অথবা হাইপোথিকেশনের (ঘোষণাপত্রের বিপরীতে ১০০ ভাগ নগদ টাকার ঋণ) বিপরীতে ঋণের ক্ষেত্রে স্থানীয় মিলমালিকেরা ধান কেনা অথবা ঋণ নেওয়ার দিন থেকে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে তা অবশ্যই পরিশোধ অথবা সমন্বয় করবেন। আর ধান-চাল ব্যবসায়ীদের প্লেজ অথবা হাইপোথিকেশনের বিপরীতে ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে তা অবশ্যই পরিশোধ অথবা সমন্বয় করতে হবে। জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে বাংলাদেশ ব্যাংক গতকাল এ নির্দেশনা দিয়েছে।