ধান-চালের দাম কমলে সংগ্রহে যাবে সরকার
দাম আরও কমলে তবেই ধান-চাল সংগ্রহে নামবে সরকার। এখন সংগ্রহ অভিযান শুরু করলে দাম বাড়ার আশঙ্কা রয়েছে। এ জন্য আপাতত সরকারি মজুদ বাড়াতে আমদানিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।তবে চলতি বছর ধান-চাল সংগ্রহ হবে না—এমন সিদ্ধান্ত হয়নি বলে কৃষি এবং খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বরং খাদ্য বিভাগ থেকে ধান-চাল সংগ্রহের পুরো প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সংগ্রহের ব্যাপারে অর্থ ছাড়ের জন্য অর্থ মন্ত্রণালয় এবং সংগ্রহ চুক্তি করতে চালকল-মালিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ করে রাখা হয়েছে। পরিস্থিতি বুঝে দ্রুত সংগ্রহ শুরু হবে। কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, চলতি বছর বোরোর উৎপাদন খরচ এক কেজি ধানে ১৫ টাকা ও চালে ২৩ টাকা ৫০ পয়সা। খাদ্য বিভাগ থেকে চলতি বছরের সংগ্রহমূল্য অনুযায়ী, প্রতি কেজি ধান ১৯ ও চাল ৩০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকারের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভায় সংগ্রহমূল্য নির্ধারিত হয়ে থাকে। কিন্তু এই কমিটির দুটি সভার তারিখ ঠিক হওয়ার পরও তা বাতিল হয়ে যায়। আগামী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।যোগাযোগ করা হলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ধান-চাল সংগ্রহ হবে না—এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধানের দাম খুব বেশি কমে গেলে সরকার অভ্যন্তরীণ সংগ্রহে যাবে—এ মন্তব্য করে তিনি বলেন, ‘সামগ্রিকভাবে খাদ্য মজুদ বাড়াতে সরকার একটি খালি কলসির ফাঁকা অংশ ভরতে অন্য কলসি থেকে পানি আনবে, নাকি পাইপ দিয়ে অন্য স্থান থেকে পানি এনে দুটি কলসি ভরবে, সেটা বড় বিবেচনার বিষয়।’ব্র্যাকের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ মাহবুব হোসেনের মতে, দেশে এ বছর ধানের উৎপাদন ভালো হয়েছে। ফলে সরকারের উচিত হবে দেশের ভেতর থেকে ধান-চাল সংগ্রহ করা। তবে আমদানি করা চালের কারণে সরকারি গুদামে চাল রাখা কঠিন হবে। তিনি বলেন, সরকারি সংগ্রহের কারণে বাজারে যাতে দাম না বাড়ে, সে জন্য সরকার চাল সংগ্রহ করে চালকল-মালিকদের গুদামে রাখতে পারে। এ জন্য গুদাম মালিকদের মাসিক ভাড়া দেওয়া যেতে পারে।অভ্যন্তরীণ সংগ্রহ কমবে: গত বছর ১২ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণের পর শেষ পর্যন্ত পাঁচ লাখ ৬২ হাজার টন সংগ্রহ করা হয়। ফলে সরকার আন্তর্জাতিক বাজার থেকে চাল সংগ্রহ শুরু করে। চলতি বছর সাড়ে আট লাখ টন ধান-চাল সংগ্রহের প্রস্তাব দিয়েছিল খাদ্য বিভাগ। তবে আমদানির পরিমাণ বেশি হওয়ায় অভ্যন্তরীণ সংগ্রহের পরিমাণ আরও কিছুটা কমতে পারে।দেশের প্রধান ধান উৎপাদনকারী জেলাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি মণ ধানের দাম গত এক মাসে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। নওগাঁ, দিনাজপুর ও কুষ্টিয়ায় প্রতি মণ মোটা ধান ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। চিকন চালের ধান বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। চালের দর হাওর এলাকায় খুচরা পর্যায়ে প্রতি কেজি ২৭ ও রাজধানীসহ বড় শহরগুলোতে ৩০ থেকে ৩৪ টাকা। সরকারের নীতিনির্ধারক মহল আশা করছে, আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতি কেজি চালের দর খুচরা পর্যায়ে ২৬ থেকে ২৮ টাকায় নেমে আসবে, অন্যথায় সরকারের অভ্যন্তরীণ সংগ্রহমূল্য ২৮ থেকে ৩০ টাকায় নির্ধারণ করা যাবে না। তবে প্রতি কেজি চালের দর ২৫ থেকে ২৬ এবং প্রতি মণ ধানের দর ৪০০ থেকে ৪৫০ টাকায় নেমে এলে সরকার দ্রুত সংগ্রহে যাবে।বাড়তি জনসংখ্যার কারণে দেশের মোট চালের উৎপাদন সামগ্রিক চাহিদা মেটাতে পারবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে—এই মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, বছর শেষে বাজারে যাতে কোনো সংকট তৈরি না হয়, সে জন্য আমদানিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কৃষক পর্যায়ে ধানের দাম দ্রুত কমে গেলে সরকার যাতে তাড়াতাড়ি সংগ্রহ শুরু করতে পারে, সে প্রস্তুতি নিয়ে রেখেছে।খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, বরাবরের মতো এ বছরও সরকার অভ্যন্তরীণ বাজার থেকে ধান-চাল সংগ্রহ করবে। তবে ভোক্তা পর্যায়ে চালের দাম কমিয়ে আনা ও কৃষককে মুনাফা দেওয়া—এই দুইয়ের মধ্যে সমন্বয় আনা হবে।মজুদ-আমদানি ও উৎপাদন পরিস্থিতি: খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি গুদামগুলোতে বর্তমানে তিন লাখ ৩০ হাজার টন চাল ও দুই লাখ ৯৬ হাজার টন গম রয়েছে। চট্টগ্রাম বন্দরে দুই লাখ টন চাল ও এক লাখ ৩৯ হাজার টন গম জাহাজে ভাসমান অবস্থায় মজুদ রয়েছে। তিন লাখ ৭০ হাজার টন চাল ও দুই লাখ ৩৯ হাজার টন গম আমদানির জন্য চুক্তি হয়েছে।কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর বোরো মৌসুমে এক কোটি ৮৪ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে হাওর এলাকায় ১০ শতাংশ ফসল হয়। সিলেট ও হাওর এলাকায় এবার আগাম বন্যা না হওয়ায় বেশির ভাগ ধানই অক্ষত রয়েছে। ফলে এ বছর বোরোতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক কোটি ৯১ লাখ টন হবে বলে আশা করছে মন্ত্রণালয়।