ধান-চালের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে সরকারের ধান-চাল সংগ্রহমূল্য নির্ধারণ করা হচ্ছে না। ধান-চালের বাজারমূল্য আমলে নিয়েই সংগ্রহমূল্য নির্ধারণ করা হচ্ছে। ফলে কয়েক বছর ধরে কৃষক ধান-চালের ন্যায্যমূল্য পাচ্ছেন না। গত আমন সংগ্রহ লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারেনি খাদ্য বিভাগ। উৎপাদন খরচ পুষিয়ে কৃষকের মুনাফা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু দুই বছর ধরে সরকারঘোষিত সংগ্রহমূল্যের চেয়ে কম দামে কৃষককে ধান-চাল বিক্রি করতে হচ্ছে। গত বোরো মৌসুমে সরকারের ধান-চাল সংগ্রহের সময় ধানের দাম ছিল কম। কিন্তু বেশির ভাগ ধান ফড়িয়া ও চালকলের মালিকদের হাতে চলে যাওয়ায় ধানের দাম বেড়ে যায়। ফলে চালের দাম বাড়লেও তাতে কৃষকের কোনো লাভ হয়নি। এ পরিস্থিতির মধ্যেই আজ বসতে যাচ্ছে সরকারের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির বৈঠক। সরকারের চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সচিব এবং একজন উপদেষ্টার এ বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। বৈঠকে চলতি বছরের বোরো ও গমের সংগ্রহমূল্য ঠিক হতে পারে। এ বছর সরকার নয় লাখ টন চাল, দেড় লাখ টন ধান এবং দেড় লাখ টন গম সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। ১ এপ্রিল থেকে গম ও মে মাস থেকে ধান-চাল সংগ্রহ শুরু হতে পারে বলে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছর এক কেজি ধান উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ১৭ টাকা আর চালে ২৬ টাকা। এ উৎপাদন খরচের চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ লাভ ধরে সংগ্রহমূল্য নির্ধারণ করার নিয়ম রয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, বর্তমানে চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। মোটা চাল ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ফলে সরকার যদি অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করতে চায়, তাহলে অবশ্যই বাজারমূল্য বিবেচনায় নিতে হবে। আর বিগত বছরগুলোর মতো উৎপাদন খরচের কাছাকাছি কোনো দাম ধরলে সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দেবে। তখন সরকারি মজুত বাড়াতে আমদানি করতে হবে। এতে বৈদেশিক মুদ্রা খরচ হওয়ার পাশাপাশি চালের দাম অস্বাভাবিকভাবে বাড়তে পারে। কোনো নির্দিষ্ট দর নির্ধারণ না করে সর্বনিম্ন ও সর্বোচ্চ দর নির্ধারণের পরামর্শ দিয়ে মাহবুব হোসেন বলেন, এমনভাবে দর নির্ধারণ করতে হবে, যাতে দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছালে সরকার সংগ্রহ বাড়াবে আর সর্বোচ্চ জায়গায় পৌঁছালে সরকার বাজারে চাল ছাড়বে। এতে কৃষককে লোকসান থেকে বাঁচানোর পাশাপাশি বাজারে দাম স্থিতিশীল রাখা যাবে। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, কৃষকের জন্য লাভ রেখেই সংগ্রহমূল্য ঠিক করা হবে। এর আগের বছরগুলোতে উৎপাদন খরচের চেয়ে কম দাম ধরে সংগ্রহমূল্য নির্ধারণ করার বিষয়ে প্রশ্ন করলে খাদ্যমন্ত্রী বলেন, কমিটির বৈঠকে আলোচনার মাধ্যমে তা ঠিক করা হয়েছিল। কেউ এককভাবে এ সিদ্ধান্ত নেয়নি। তবে এবার এমনটা হওয়ার সম্ভাবনা কম। উৎপাদন বাড়ে, লোকসানও বাড়ে: ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সরকারের ধান-চাল সংগ্রহমূল্য পর্যালোচনা করে দেখা গেছে, যে বছর কৃষক বেশি উৎপাদন করেন, সেই বছরই তাঁদের বেশি লোকসান হয়। ২০০৮ সালে ধানের উৎপাদন কম ছিল। সে বছর উৎপাদন খরচের চেয়ে প্রায় ৪০ শতাংশ মুনাফা যোগ করে সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়। এর পরের বছরগুলোতে খরচের তুলনায় সংগ্রহমূল্য কম বা সমান থেকেছে। খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির কয়েকজন সদস্যের সূত্রে জানা গেছে, কাগজে-কলমে সংগ্রহমূল্য নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন খরচের হিসাব নেওয়া হয়। কিন্তু বৈঠকে সংগ্রহমূল্য নির্ধারণের ক্ষেত্রে বাজারে ওই সময় ধান-চাল ও গমের দাম আমলে নিয়ে দাম নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে কৃষকের স্বার্থ বিবেচনায় আনা হয় না।যেমন, ২০০৮ সালে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ধান-চালের দাম বেশি ছিল। ফলে ধানের উৎপাদন খরচ প্রতি কেজি ১৪ টাকা হওয়া সত্ত্বেও সরকার সংগ্রহমূল্য নির্ধারণ করে ১৮ টাকা। ২০০৯ সালে কেজিপ্রতি খরচ বেড়ে ১৫ টাকা হলেও উৎপাদন বেশি হওয়ায় বাজারে ধানের দাম তখন কমে যায়। ফলে সরকার দাম নির্ধারণ করে প্রতি কেজি ১৪ টাকা। তার পরের বছর, ২০১০ সালে উৎপাদন খরচ ও দাম প্রায় সমান হয়ে যায়। সে বছর ১৭ টাকা কেজি দরে ধান কেনে সরকার। তার পরের দুই বছর ১৮ টাকা কেজি ধরে ধান কেনে সরকার। বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য না রেখে আমনের সংগ্রহমূল্য নির্ধারণ হওয়ায় দুই দফা সময় বাড়িয়েও সরকার আমনের সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। তিন লাখ টন আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও এখন পর্যন্ত দুই লাখ ৬০ হাজার টন সংগ্রহ করা হয়েছে।