সারা দেশে চলছে বোরো ধান কাটার উৎসব। কিন্তু আইলায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা এ উৎসব থেকে বঞ্চিত। কারণ দুই বছর ধরে সেখানে কৃষিকাজ প্রায় বন্ধ।এদিকে বেড়িবাঁধের বেশির ভাগ অংশ মেরামত হয়ে গেছে। তবে আসন্ন আমন মৌসুমে কৃষি পুনর্বাসনে সহায়তার কোনো উদ্যোগ শুরু হয়নি। ফলে ধান চাষ করতে না পেরে অনেক কৃষক আবারও চিংড়ি চাষের দিকে ঝুঁকছেন।বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ৭১০ কিলোমিটার বরাবর ১৯টি জেলায় চার কোটি মানুষের বসবাস। জলবায়ু পরিবর্তনের কারণে তিন কোটি উপকূলবাসী ক্ষতিগ্রস্ত হবে। ঘূর্ণিঝড় আইলার আঘাতে খুলনা ও সাতক্ষীরার তিন লাখ ১৬ হাজার মানুষ আইলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। খুলনার কয়রা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফসলের মাঠগুলোতে গেলে চোখে পড়বে লবণের স্তর। ফসল তো দূরের কথা, গাছে ফলমূল ধরার দৃশ্যও ভুলে গেছে আইলাদুর্গত লোকজন। লবণমাখা মাঠে দুই বছর ধরে ধান চাষ হচ্ছে না। সরকারি-বেসরকারি ত্রাণের ওপর ভরসা করে টিকে আছে মানুষ। ১০টি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এক সমীক্ষায় দেখা গেছে, প্রায় দেড় হাজার পরিবার স্থায়ীভাবে অন্যত্র চলে গেছে। আগে ফসলের মৌসুমে এক শতাংশ মানুষ কাজের জন্য অন্যত্র যেত। বর্তমানে তা ৭ শতাংশ হয়েছে। আইলা আঘাত হানার আগে ৪৮ শতাংশ জমিতে চিংড়ি চাষ হতো। চলতি বছর ৭০ শতাংশ জমিতে চিংড়ি চাষ হচ্ছে। ফলে চিংড়িচাষিদের উৎপাতে বেড়িবাঁধ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।আইলাদুর্গত মঞ্চের সদ স্যসচিব হাসান মেহেদি প্রথম আলোকে বলেন, দাকোপ ও কয়রার মানুষ আন্দোলন করে চিংড়ি চাষ বন্ধ করেছিল। কয়রায় বিকল্প কৃষি ও কর্মসংস্থানের সুযোগ না পাওয়ায় কৃষক আবারও চিংড়ি চাষে ঝুঁকছে। দ্রুত কৃষি পুনর্বাসন কার্যক্রম শুরু না হলে অন্য এলাকাতেও পরিবেশ ও বেড়িবাঁধের জন্য ক্ষতিকর চিংড়ি চাষ বাড়বে। মহারাজপুর ইউনিয়নের মূল সড়ক ধরে কিছু দূর এগোতেই এক কিষানির ধান শুকানোর দৃশ্য দেখে চোখে ধাক্কা লাগল। খুলনার আইলাবিধ্বস্ত এই উপজেলায় দুই বছর ধরে চাষাবাদ হয় না। তাহলে ধান কোত্থেকে এল। জবাবে কৃষক শাহাদাত হোসেন বললেন, নিজের তিন একর জমি এখনো পানির নিচে। তাই সুনামগঞ্জের শিবগঞ্জে গিয়েছিলেন দিনমজুরের কাজে। ২৬ দিন কাজ করে ১৩ মণ ধান পেয়েছেন।যোগাযোগ করা হলে কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মোস্তাক বলেন, বেড়িবাঁধ মেরামত না হওয়ায় দীর্ঘমেয়াদি কৃষি পুনর্বাসন শুরু হয়নি। চলতি বছরের মধ্যে সব বাঁধ মেরামত হয়ে গেলে আমন মৌসুম থেকে পুনর্বাসন শুরু করা হবে।লবণের স্তর: সরকারের দীর্ঘমেয়াদি কৃষি পুনর্বাসন কার্যক্রম এখনো শুরুই হয়নি। সারা দেশে আউশচাষিদের বিনা মূল্যে সার দেওয়া কর্মসূচির আওতায় এখানকার এক হাজার ৪০০ কৃষককে ২০ কেজি করে ইউরিয়া ও ১০ কেজি করে টিএসপি ও এমওপি সার দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু নোনা ধরা জমিতে কোন জাতের ধান চাষ করবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষক।মৃত্তিকাসম্পদ উন্নয়ন সংস্থা খুলনা বিভাগীয় কার্যালয়ের পর্যবেক্ষণে দেখা গেছে, আইলার আগে জমিতে লবণাক্ততার মাত্রা ছিল ১২ থেকে ১৬ পিপিটি। এই জমিতে ধান চাষ করা কঠিন হলেও কৃষক অনেক চেষ্টায় ঠিকই মাটিতে ধান ফলাত। কিন্তু আইলার পর এর মাত্রা হয়েছে ২০ থেকে ২৫ পিপিটি। লবণাক্তসহিষ্ণু ধানের জাত বিআর-৪৭-এর জোগানও পর্যাপ্ত নয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা কার্যালয় সূত্রে জানা গেল, জেলার বেশির ভাগ এলাকায় ধানের উৎপাদন বাড়লেও কয়রা, দাকোপ আর সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চাষাবাদ কমেছে। ২০০৮-০৯ অর্থবছরে কয়রা উপজেলায় আমন মৌসুমে ১৫ হাজার ৪২০ হেক্টর জমিতে ধান চাষ হয়। গত আমনে তা সাড়ে চার হাজার হেক্টরে নেমে এসেছে। দাকোপ উপজেলায় ১৯ হাজার ৫১০ হেক্টর থেকে কমে ১৫ হাজার ৫০০ হেক্টরে নেমেছে। আর বোরোর আবাদ সাড়ে ছয় হাজার হেক্টর থেকে কমে ৬৯০ হেক্টরে নেমেছে।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহায়তায় উপকূলীয় ১১টি জেলার ৮৫ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ সহায়তা দেওয়া হয়েছে। আইলা এলাকায় আলাদা করে বিশেষ কোনো কর্মসূচি নেওয়া হয়নি।জলবায়ু বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, দুর্যোগ মোকাবিলা ও আগাম প্রস্তুতিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হাজার হাজার কোটি টাকা খরচ করেছে। বিদেশি বিশেষজ্ঞ এনে অনেক পরামর্শ নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের তহবিল দিয়ে তাঁদের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন তিনি।