ধান ধন বড় ধন/ আর ধন গাই/ সোনারূপা কিছু কিছু/ বাকি সব ছাই (খনার বচন)। হাজার বছর ধরে যে দেশের মানুষের মুখে মুখে ফিরেছে এই বচন সে দেশে শত শত প্রজাতির ধান তো থাকবেই। আর তারই দুদিনের বড়সড় একটা প্রদর্শনী গতকাল শুরু হয়েছে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) ৫০ বছর পূর্তি উপলক্ষে। ইরির সঙ্গে বাংলাদেশের কৃষির সম্পর্ক পুরোনো। এ দেশে উন্নত প্রজাতির ধান উৎপাদনে বরাবর সহায়তা করে এসেছে প্রতিষ্ঠানটি। তাই ইরির জন্মদিনে শুভ কামনা জানাতে গতকাল জড়ো হয়েছিল দেশি-বিদেশি, সরকারি-বেসরকারি কৃষিপ্রতিষ্ঠানগুলো। ইরি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটকে (ব্রি) প্রত্যক্ষ সহযোগিতা করে থাকে। এখনো ১৮টি প্রকল্পে কাজ চলছে। ইরির জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ব্রিতে অনেক মেধাবী বিজ্ঞানী আছেন। কিন্তু অনেক সময় তাঁরা অর্থাভাবে কাজ করতে পারেন না। গবেষণার কাজে ল্যাবরেটরির যে সহায়তা দরকার তা পান না। ইরি এসব ক্ষেত্রে সহযোগিতা করছে ব্রিকে। এখন পর্যন্ত ব্রি ৫৫ প্রজাতির ধানের জাত উদ্ভাবন করেছে। এর সবকটিই স্থান পেয়েছে ব্রির স্টলে। এর মধ্যে সবচেয়ে নতুন বীজ ব্রি ৫১ ও ৫২। বাংলাদেশের যেসব অঞ্চলে পাহাড়ি ঢলে প্রতিবছর আমনের খেত তলিয়ে যায়, সেসব এলাকায় এই ধানটি চাষ হওয়ার কথা। ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, গতবছর এই জাতটির পরীক্ষামূলক চাষ করা হয়েছে কুড়িগ্রাম, ময়মনসিংহের ধোবাউড়া, জামালপুরের দেওয়ানগঞ্জ ও গাজীপুরে। প্রায় ১৫-২০ দিন পানিতে নিমজ্জিত থাকার পরও এই ধান গাছ বেঁচে থাকে, ফলন দেয়। আমনের অন্যান্য প্রজাতির তুলনায় এই ধান লম্বা, সরু এবং সুগন্ধযুক্ত। বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচারও সদ্য অবমুক্ত বিনা-৭ ধান নিয়ে এসেছে মেলায়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জুলকারনাইন জানান, এই ধানটি ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে ফলন দেবে। নেরিকা নামের অপর একটি ধানবীজ প্রদর্শনীতে নিয়ে এসেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। জ্যেষ্ঠ সহকারী পরিচালক মাকসুদ আলম খান জানান, গত বছর এই ধানবীজটি আফ্রিকা থেকে আনা হয়। টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, দিনাজপুরে এই ধানের পরীক্ষামূলক চাষ চলছে। ধানটির বৈশিষ্ট্য হলো—মাত্র ৯০ দিনে এর ফলন পাওয়া যাবে। যেকোনো মৌসুমে চাষ করা যাবে। উৎপাদনে পানির প্রয়োজন হয় সামান্য। স্টলের সামনে কয়েকটি টবে নেরিকা বীজ থেকে হওয়া গাছের নমুনাও প্রদর্শিত হয় গতকাল। দেশি ধান: উচ্চফলনশীল জাতের পাশাপাশি মেলায় শত বছরের পুরোনো দেশি ধান নিয়ে এসেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আউশ, আমন ও বোরো এই তিন জাতের ধানের ১৫০টি প্রজাতি আছে অধিদপ্তরের স্টলে। বিরুইন, লাসাই, টুপাবোরো, বেগনবিচি, পশুশাইল, আসনিশাইল, লালজইর, ভাগ্যেশ্বরী, ইন্দ্রশাইল, কালাবিন্নী, পুটিবিন্নি, গান্ধীশাইল, গোলাপভানি—যেমন বাহারি নাম এই ধানগুলোর, তেমনি বৈশিষ্ট্যের দিক থেকেও স্বতন্ত্র। এসব ঐতিহ্যবাহী ধানের সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে আছে। বংশপরম্পরায় দেশি জাতের ধানের ভাত যাঁরা খেয়ে আসছেন, তাঁরা এখনো অভ্যেস বদলাননি। তাঁরা যুগ যুগ ধরে এসব বীজ সংরক্ষণ করে আসছেন। সিলেটের মোহাম্মদ আবদুল বাসিত সেলিম এমনই একজন। তিনি সিলেট অঞ্চলের ৫২টি জাতের ধান নিয়ে মেলায় এসেছিলেন। এগুলোর মধ্যে আটটিতে আঠালো ভাত হয়। তিনি মৌ বিরইন নামের সুগন্ধী ধানের বীজ এনেছিলেন। ছিল হাটি বারমাসি নামের আর একটি ধান। এই ধানের বীজ লাগানোর পর মাত্র ৬০ দিনে ফলন পাওয়া যায়। বন্যাপ্রবণ সিলেটে পানি নেমে যাওয়ার পর কৃষকেরা এই ধান চাষ করেন আমন মৌসুমে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এ বছর থেকে সুগন্ধী ধানের চাষে উৎসাহ দিচ্ছে কৃষকদের। বিএমডিএর স্টলে এসব ধানের পরিচিতি স্থান পেয়েছে, তাদের স্লোগান ছিল—‘দুলাভোগ, কালোজিরা, কাটারি, বাঁশফুল, মোহনভোগ, চিনি আতপ সরু ধানের জাতকুল এই ধান বরেন্দ্রের/ ছোট অতি আকারে/ পাবে ভাই হাটে-ঘাটে বিদেশের বাজারে।’বেসরকারি প্রতিষ্ঠান: ব্যক্তি পর্যায় ও সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও মেলায় অংশ নিয়েছে। ব্র্যাকের স্টলে হাইব্রিড ধানবীজ সাথি (এইচ বি ০৯), আলোড়ন (এইচ বি ০৮), জাগরণ (জি বি ৪), শক্তি (বি ডব্লিউ ০০১) এবং শক্তি-২ (ব্র্যাক-৫) সম্পর্কে আগত দর্শকদের জানানো হয়। এই ধানগুলো কখন, কীভাবে লাগাতে হবে, সার কতটুকু লাগবে, রোগ ও পোকা দমনের কাজটি কীভাবে করতে হবে, তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। সুপ্রিম সিড ও লাল তীর—দুটি বেসরকারি প্রতিষ্ঠানও অংশ নেয় মেলায়। উপকরণ: শুধু ধান বীজ নয়, বীজ থেকে চারা, চারা থেকে পূর্ণাঙ্গ গাছ আর তা থেকে পুষ্ট ধান উৎপাদন পর্যন্ত সময়কালে সার, কীটনাশকের দরকার, ফলন বাড়াতে উন্নতমানের যন্ত্রপাতিও দরকার। এসব উপকরণের যোগানদাতারা কাল মেলায় আসেন। আগত দর্শকেরা নেড়েচেড়ে দেখেন নানা যন্ত্রপাতি, এর ব্যবহার সম্পর্কে জানতে চান। এফএও এবং শত কোটি ক্ষুধার্ত মুখ: কিছুটা নিভৃতে থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) খাদ্য নিরাপত্তার প্রশ্নটি সামনে নিয়ে আসে। স্টলের সামনে ব্যানারে লেখা আছে ‘সারা বিশ্বে ১০০ কোটি মানুষ দীর্ঘমেয়াদি ক্ষুধার জ্বালা নিয়ে বাস করে, তাই আমি ভীষণ ক্রুদ্ধ।’ প্রতিষ্ঠানটি স্বাক্ষর সংগ্রহ করছিল। এর উদ্দেশ্য জানতে চাইলে সহকারী আবাসিক প্রতিনিধি শেখ আহাদুজ্জামান প্রথম আলোকে বলেন, সারা পৃথিবীতে এ স্বাক্ষর সংগ্রহের কাজ চলছে। ক্ষুধার্ত মানুষের সমর্থনে এ স্বাক্ষর পৌঁছে দেওয়া হবে এফিএও-এর মূল কার্যালয়ে। তিনি বলেন, ‘আমরা জানাতে চাই, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে কৃষিতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।’