ধানকাটা মৌসুমে চোখের আঘাত ও প্রতিকার
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চক্ষু)গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, সাভারকৃষকের মনে আনন্দ ধরে না। মাঠে ধান পাকতে শুরু করেছে। কাটাও শুরু হয়েছে। হবে নবান্নের উৎসব। এক কৃষিশ্রমিক ধান কাটতে গিয়েছেন। হঠাৎ মনে হলো, চোখে ধানের আঘাত লেগেছে। এর পর থেকেই চোখ খচখচ করতে লাগল, আর পানি পড়া শুরু হলো। মাথার গামছা গুটিয়ে মুখের ভাপ দিলেন চোখে। পানির ঝাপটাও দিলেন। কিছুক্ষণ পর একটু আরাম বোধ করলেন। ধানকাটা শেষ করে বাড়িতে গেলেন। চোখ আবারও খচখচ করছে। পাশের বাড়ির দাদিমা কুটা পড়ার ঝাড়া দিলেন। আতর আলী দিলেন দুই ডোজ হোমিও। সবাই বললেন, সেরে যাবে। ভোররাতে চোখে প্রচণ্ড ব্যথা। যন্ত্রণায় চোখ খুলতে পারছেন না। কী হলো চোখে, স্ত্রী চেষ্টা করলেন দেখতে। কিন্তু ব্যথার কারণে ভালো করে চোখ মেলে তাকাতে পারলেন না। সকালে গেলেন হাতুড়ে পল্লিচিকিৎসকের কাছে। এক ফোঁটা ওষুধ দিলেন আর ব্যথার বড়ি। কিছুটা আরাম বোধ করলেন। কিন্তু আবারও ব্যথা। শহরে চোখের চিকিৎসক দেখাতে যাবেন স্থির করলেন। ঘরে টাকা নেই। উচ্চ সুদে টাকা জোগাড় হলো। সুদে-আসলে কম মূল্যে শ্রম দিয়ে তা পরিশোধ করতে হবে—এই শর্তে। চোখের চিকিৎসক দেখে বললেন, ‘চোখের মণিতে ঘা হয়ে গেছে। এটা ধানের আঘাতের জন্য হয়েছে। আগেই আসা উচিত ছিল। সেরে যাবে, সময় নেবে। তবে মণিতে দাগ থেকে যাবে। ফলে আপনি চোখে আগের মতো ভালো দেখতে পাবেন না।’ পাশে বসা স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। ধানকাটার এই আনন্দের সময় দুঃখের এক কালো ছায়া নেমে এল পরিবারের সবার চোখে। পটভূমিবাংলাদেশে শুধু নয়, পাশের দেশগুলোতেও ধানের মৌসুমে বিশেষত রোপণ, নিড়ানো, কাটা, মাড়াই ও শুকানোর সময় চোখে আঘাত লেগে হাজার হাজার কৃষিশ্রমিকের দৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়, দৃষ্টিহীন হয়। কোনো কোনো সময় চোখ উঠিয়ে ফেলার মতো চিকিৎসার সিদ্ধান্ত নিতে হয়। জামালপুর ও শেরপুরের দুজন প্রাইভেট চক্ষু চিকিৎসকের কাছে গত আমন ও বোরো মৌসুমে এমন প্রায় ২০০ জন চিকিৎসা নিয়েছেন। দৃষ্টিহীনতা থেকে বিভিন্ন স্তরের দৃষ্টিক্ষীণতা হয়েছে। দুজন প্রাইভেট চক্ষু চিকিৎসকের যদি এই পরিসংখ্যান হয়, তবে সারা দেশের কথা বিবেচনা করলে এর ভয়াবহতা সহজেই অনুমান করা যায়। অনাকাঙ্ক্ষিত এই অন্ধত্বের অভিশাপ কমিয়ে এনে তা সম্পূর্ণ বন্ধ করা এই দরিদ্র দেশের জন্য অত্যন্ত জরুরি। গবেষণার তথ্যে দেখা যায়, (১) কৃষিভিত্তিক দেশে মোট চোখের আঘাতের ৫০ শতাংশ কৃষি আঘাত, (২) চোখ সুরক্ষাকারী চশমা ব্যবহার করে ৯০ শতাংশ আঘাত প্রতিরোধ করা সম্ভব, (৩) আঘাতের কারণে কর্নিয়ার ক্ষত হলে ১৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক চিকিৎসা নিলে তা ৯৫ শতাংশ কোনো জটিলতা ছাড়া ভালো হয়ে যায়। অর্থাৎ চোখের দৃষ্টির ক্ষতি হয় না। আমাদের কৃষক ভাইবোনেরা, যাদের নিয়ে কথা, প্রায় সবাই গ্রামে বাস করে। আর তাদের সচেনতা কম, তারা চোখে চশমা দিয়ে কাজ করতে বা ধান কাটতে অভ্যস্ত নয়, সচ্ছন্দ বোধ করে না এবং বাস্তবিক অর্থে পছন্দও করে না। আবার মালিকেরা তাদের কাজেও নিতে চায় না। বর্তমানে কৃষিজনিত চোখের আঘাত প্রতিরোধে উল্লেখযোগ্য কোনো কার্যক্রম নেই। শুধু চোখ সুরক্ষাকারী চশমা ব্যবহার করেই এর প্রতিরোধ সম্ভব। আর কোনোভাবে চোখে বিশেষত মণিতে (কর্নিয়া) আঘাত পেলে তা দ্রুত নিরাময়ের জন্য প্রাথমিক চিকিৎসার কেন্দ্রগুলোতে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা থাকা প্রয়োজন। কৃষি বিভাগের করণীয়কৃষি অধিদপ্তরের অধীনে কৃষি ফিল্ড ও ইনফরমেশন সার্ভিসেস বিভাগ তাদের মাঠপর্যায়ে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিশেষত উপসহকারী কৃষি কর্মকর্তা ও প্রচারমাধ্যম ব্যবহার করে দেশের প্রত্যেক কৃষকের মধ্যে নিম্নলিখিত বার্তা পৌঁছে দিতে পারে। (১) কৃষিকাজের সময় বিশেষত ধান কাটা ও মাড়াইয়ের সময় চোখ সুরক্ষাকারী চশমা ব্যবহার করতে বলবে।(২) চশমা ব্যবহারের উপকারিতা এবং ব্যবহার না করলে সম্ভাব্য আঘাতজনিত দৃষ্টিক্ষীণতা বা অন্ধত্ব ও আর্থিক ক্ষতির বিষয় তুলে ধরবে। (৩) চোখে আঘাত লাগলে তা যত সামান্য হোক, আঘাতের কিছু পর আরাম বোধ করলেও, দ্রুত এবং যেদিন আঘাত পেয়েছে সেদিনই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেতে বলবে। ঝাড়ফুঁক, পানি পড়া, তেল পড়া, কবিরাজি ইত্যাদি অপচিকিৎসা থেকে বিরত থাকবে।স্বাস্থ্য বিভাগের করণীয়স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ন্যাশনাল আই কেয়ার বিভাগ, কমিউনিটি, ইউনিয়ন ও থানা স্বাস্থ্যকেন্দ্রে ধানের বা কৃষি আঘাতজনিত কর্নিয়ার ক্ষতের প্রাথমিক চিকিৎসার নির্দেশিকা পাঠাবে। গণমাধ্যম যা করতে পারেকৃষি গণমাধ্যম, স্বাস্থ্য শিক্ষা দপ্তর, পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়াসহ সব গণমাধ্যম এটা প্রচার করবে এবং তা অব্যাহত রাখবে। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের করণীয়স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সমাজসেবকদের উদ্বুদ্ধকরণের কার্যক্রমের পাশাপাশি দরিদ্র কৃষকের মধ্যে বিনা মূল্যে চশমা বিতরণ করতে পারে। আসুন কাজ করিবাংলাদেশে দৃষ্টিহীনের সংখ্যা ছয় লাখ ৭৫ হাজার। বিভিন্ন কারণে দৃষ্টিহীনের সংখ্যা বাড়ছে। চোখের আঘাত অন্যতম কারণ—যার অর্ধেক কৃষি আঘাত। চোখ সুরক্ষাকারী চশমা ব্যবহার করে কৃষি আঘাত ৯০ শতাংশ কমিয়ে আনা সম্ভব। চোখের আঘাতে দিন এনে দিন খাওয়া পরিবারের রোজগার বন্ধ হয়ে যায়। ওষুধের মূল্য, দুশ্চিন্তা—সব মিলিয়ে পুরো পরিবারে চরম দুর্যোগ নেমে আসে। শুধু ৩০ টাকা মূল্যের চশমা ব্যবহার করে অমূল্য চোখ ও পরিবারের বিপর্যয় রক্ষা করা সম্ভব। কৃষিকাজের সময় বিশেষত ধান, গম, ভুট্টা, আখ কাটার সময় চোখ সুরক্ষাকারী চশমা ব্যবহারের জন্য দেশব্যাপী ব্যাপক উদ্বুদ্ধকরণের কাজ আজই শুরু করা প্রয়োজন। একটি সময় আসবে, যখন কৃষক নিজের উপলব্ধি থেকেই প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা নেবে। আসুন, অন্ধত্বের এই অভিশাপ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে এ লক্ষ্যে একযোগে কাজ করি। আর বিলম্ব নয়, চলতি ধান কাটার মৌসুমেই শুরু হোক আমাদের প্রয়াস।