ধানগড়া-রায়গঞ্জ সড়কের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া থেকে মোটরসাইকেলে করে রায়গঞ্জ বাজারে যাচ্ছিলেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী কামরুল হাসান। ক্ষুদ্রসাদরা গ্রামের কাছে এসে থামতে হয় তাঁকে। রাস্তার বেহাল দশায় মোটরসাইকেলের গতি কমিয়ে সাবধানে এগোতে হয়।রায়গঞ্জ বাজার থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল হামিদ বলেন, সড়কের এই অংশটা ভাঙতে ভাঙতে একেবারে চলার অযোগ্য হয়ে পড়েছে। খুব সাবধানে গাড়ি চালাতে হয়। প্রতিদিনই রাস্তা ভাঙছে। এ অবস্থা চলতে থাকলে যানবাহন চলাচলই বন্ধ হয়ে যাবে।সরেজমিনে দেখা যায়, সড়কের পিচঢালা অংশের বেশির ভাগে কার্পেট উঠে গেছে। এখানকার প্রায় ৩০০ ফুট সড়কসহ ধানগড়া চৌরাস্তা মোড়ের প্রায় ২০০ ফুট এবং রায়গঞ্জ বাজার থেকে থানা পর্যন্ত প্রায় ৩০০ ফুট সড়কের দশা খুবই নাজুক। ধানগড়া থেকে রায়গঞ্জ পর্যন্ত চার কিলোমিটার সড়কের এই অংশ এখন যেন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সড়কটি খানাখন্দে ভরে গেছে। যানবাহন চলার সময় সেগুলো উল্টে পড়ার উপক্রম হয়। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। এলাকাবাসী তাদের দুর্ভোগের বিষয়টি জানিয়ে বিভিন্ন জায়গায় ধরনা দিলেও সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেনি।রায়গঞ্জ এলাকার বাসিন্দা ও এই সড়কের ভ্যানচালক আকবর আলী বলেন, ‘খারাপ রাস্তায় আইস্যা খুব সাবধানে পার হইতে হয়। তবু রাস্তাটা কেন সারে না, বুঝি না।’উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৬ সালের শেষ দিকে সড়কটির মেরামতকাজ করা হয়। এলাকাবাসী জানান, মেরামতকাজের মান নিচু হওয়ায় অল্প দিনেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘আমাকে প্রতিদিনই এই সড়ক দিয়ে ইউনিয়ন পরিষদে যেতে হয়। সড়কের বিভিন্ন জায়গা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় এলাকাবাসী ভোগান্তিতে পড়েছে।’উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী বেল্লাল হোসেন বলেন, সড়কটি মেরামত করতে কয়েক দিন আগে অর্থ বরাদ্দ করা হয়েছে। বিলটি পাস হলেই কাজ শুরু করা হবে।