ধানগড়ার ফুলজোড় বেইলি ব্রিজটি এখন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রবেশদ্বার ফুলজোড় নদীর ওপর স্থাপিত ধানগড়া বেইলি ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় এটি ধসে প্রাণহানিসহ যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ১৯৯৫ সালে এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৪৮৫ ফুট লম্বা ব্রিজটি নির্মিত হয়। কিন্তু ঠিকমতো মেরামত ও রক্ষণাবেক্ষণ না করায় এবং অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল করায় এটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, এর পাশের পাইপের রেলিংগুলো চুরি করে হয়ে গেছে। ফলে হেঁটে ও রিকশা-ভ্যানে যারা ব্রিজ পার হয়, তারা সব সময় আতঙ্কে থাকে। এ ছাড়া ব্রিজের অনেক নাটবল্টু চুরি হয়ে গেছে। এখন ব্রিজটির ওপর কোনো ভারী যানবাহন উঠলে ব্রিজটি কাঁপতে থাকে। ব্রিজের মাঝামাঝি স্থানে দুটি পাটাতন প্রায় চার থেকে ছয় ইঞ্চি দেবে গেছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।এলাকাবাসী জানান, স্থানীয় মাদকাসক্ত সন্ত্রাসীরা ব্রিজের পাইপ ও নাটবল্টু চুরি করে নিয়ে যায়। বিষয়টি দেখার কেউ নেই। ট্রাকচালক আল আমিন বলেন, ‘ব্রিজে যখন ট্রাক নিয়ে উঠি, তখন শুধু আল্লাহ আল্লাহ করি। আমরা অনেক বলেছি ব্রিজ ঠিক করতে। কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।’ এ ব্যাপারে জেলা সওজ বিভাগের একটি সূত্র জানায়, ব্রিজটি তৈরি হওয়ার পর ছোটখাটো মেরামতকাজ মাঝেমধ্যেই করা হয়। কিন্তু এলাকার একশ্রেণীর মাদকাসক্ত ব্যক্তি এর দুই পাশের পাইপসহ নাটবল্টু চুরি করে নিয়ে গেছে।সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার বলেন, এলাকার জনগণের দাবি অনুযায়ী ব্রিজটি ঢালাই করতে এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অল্প দিনের মধ্যে কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।