ধানমন্ডি এলাকার বৈশিষ্ট্য রক্ষা নিয়ে রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সেখানে থাকা বেআইনি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশও কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে পূর্তসচিব, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট নয় ব্যক্তিকে এর জবাব দিতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। একই সঙ্গে ধানমন্ডি আবাসিক এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান অনুমোদনের ক্ষেত্রে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।অন্তর্বর্তীকালীন আদেশে আদালত ১৯৯৯ সালের অবৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালিকা অনুসারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে সংশ্লিষ্টদের বলেছেন। ধানমন্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে সেখানকার দুই বাসিন্দা এম এ মাসুদ ও এম এ মতিন হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত আজ এ রুল জার করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন।