ধানমন্ডি মাঠ নিয়ে বাণিজ্য বন্ধের দাবি জানাল বাপা
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ধানমন্ডি মাঠে স্টেডিয়াম ও দোকানপাট নির্মাণ এবং এ নিয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনের নেতারা ইভ টিজিং বাড়ার কারণ হিসেবে খেলার মাঠ না থাকার বিষয়টি উল্লেখ করেছেন। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ধানমন্ডি মাঠ নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় সংগঠনের নেতা-কর্মীরা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোজাফফর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে মাঠ রক্ষার কথা বলছেন, অন্যদিকে দখলদারেরা মাঠ দখলের চেষ্টা করছে। এ ক্ষেত্রে তারা প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নাম ব্যবহার করছে। তিনি দখলদারদের উদ্দেশে বলেন, ‘ক্রীড়া একটি বাণিজ্য। সেটা আপনারা করেন। কিন্তু ধানমন্ডি মাঠ দখল করে অনাচার করবেন না।’গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশে অনাচার ও লুটপাটের রাজনীতি শুরু হয়েছে। ধানমন্ডি মাঠ নিয়েও তা-ই চলছে। তিনি জনগণকে এর প্রতিবাদ করার আহ্বান জানান।বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, বাংলাদেশের আটটি শিল্পের মালিক একজোট হয়ে মাঠটি দখলের চেষ্ট করছেন। তাঁরা ধানমন্ডি ক্লাব বানিয়ে অনাচার করতে চান। তিনি এসব বন্ধের আহ্বান জানান।