ধানমন্ডি মাঠ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দাবি
রাজধানীর ধানমন্ডি খেলার মাঠ সম্পর্কে সরকারের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য দাবি করেছেন দেশের শীর্ষস্থানীয় কয়েকটি নাগরিক সংগঠনের নেতারা। তাঁদের অভিযোগ, জাতির জনকের পরিবারের নাম ব্যবহার করে একদল চিহ্নিত ভূমিদস্যু শিশুদের খেলার মাঠ দখল করে রেখেছে। আদালতের নির্দেশনা তারা মানছে না। সরকার অবৈধ দখলদার উচ্ছেদে কোনো পদক্ষেপও নিচ্ছে না। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, সিটিজেনস রাইটস মুভমেন্টসহ আরও বেশ কয়েকটি সংগঠন ধানমন্ডি খেলার মাঠ উদ্ধারে কঠোর আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিআরইউর ওই প্রতিবাদ সভায় সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘ক্লাবটি নিজেদের নামকরণ এমনভাবে করেছে, যেন তারা সরকারি আনুকূল্য পায়। সরকারি দলের নেতা-কর্মীরা টেন্ডার নিয়ে ব্যস্ত থাকুক, তাদের মাঠ নিয়ে ব্যস্ত হওয়ার দরকার কী। মাঠঘাট দলীয় প্রভাবের বাইরে থাকা উচিত। নয়তো সরকার বদলের সঙ্গে সঙ্গে খেলার মাঠে অন্য খেলা হবে। সরকারের কাছ থেকে এই মাঠ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য চাই। সরকার দলের খেলা খেলতে চায়, না ছেলেমেয়েদের খেলতে দিতে চায়, বিষয়টি পরিষ্কার হতে হবে।’বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, রাজনীতিকে ব্যবহার করে এ ধরনের প্রকাশ্য ঘৃণ্য লুণ্ঠন আর হতে পারে না। এর চেয়ে দুঃখজনক ঘটনা হতে পারে না। তিনি বলেন, ‘রাজনীতি কোন গর্তের ভেতর গিয়ে ঢুকেছে যে বিচারালয়ও বিচার করতে পারছেন না!’ ধানমন্ডি ক্লাব রক্ষায় তিনি আন্দোলনের গতি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘অনেকে মনে করে থাকেন, মাঠটি সরকারের। সরকার যাকে ইচ্ছা তাকে এটি ব্যবহারের অনুমতি দিতে পারে। কিন্তু আইন অনুযায়ী মাঠটির মালিক ধানমন্ডির বাসিন্দারা। ধানমন্ডিতে একটি প্লট বা ফ্ল্যাট যিনি কিনবেন, তিনি ওই এলাকার সব সুযোগ-সুবিধা পাবেন। রাজউক প্রতিদিন বলছে, তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে। খেলার মাঠে যেসব স্থাপনা আছে, সেগুলো চাইলে তারা এখনই ভেঙে দিতে পারে।’ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগরায়ণ বিশেষজ্ঞ নজরুল ইসলাম বলেন, শেখ জামাল ক্লাবের নামে মাঠ দখলের এই চেষ্টা জনগণের সম্পত্তি ব্যক্তিবিশেষ বা গোষ্ঠীবিশেষের সম্পদে পরিণত হওয়ার মতো। ধানমন্ডি খেলার মাঠটি প্রথমে ধানমন্ডি ক্লাবের নামে দখলের চেষ্টা চলে। ২০০৪ সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট হাইকোর্টে রিট করলে মাঠ রক্ষায় আদালত ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দেন। ২০১১ সালের ১৫ মার্চ হাইকোর্ট ১৫ দিনের মধ্যে ধানমন্ডি খেলার মাঠ থেকে সব অবৈধ স্থাপনা অপসারণ করে সবার জন্য এটি উন্মুক্ত রাখার আদেশ দেন। আদালতের নির্দেশ উপেক্ষা করে শেখ জামাল ক্লাব মাঠ সংস্কার করেছে, ফটক বানিয়েছে, কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে গোটা মাঠ। ভবিষ্যতে এখানে একটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনার কথা ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা করেছে। স্টেডিয়ামের আড়ালে তারা আসলে দোকানবাণিজ্য করতে চায় বলে এলাকাবাসীর অভিযোগ। ঢাকা সিটি করপোরেশনের দাবি, মাঠটি সবার জন্য উন্মুক্ত। ধানমন্ডি এলাকার বাসিন্দা ফারজানা মজিদ জানান, ক্লাবের সদস্য ছাড়া তারা কাউকে শেখ জামাল ক্লাবের ভেতরে ঢুকতে দিচ্ছে না। ধানমন্ডি এলাকার বাসিন্দাদের অভিযোগ, শেখ জামাল ক্লাবের নামে একটি উচ্চবিত্তের ক্লাব গঠন করা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাপার সভাপতি আবদুল মতিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রমুখ।