ধানমন্ডিতে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর ধানমন্ডি এলাকায় আজ শনিবার সকালে পাপিয়া (১৮) নামের এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, পাপিয়া ধানমন্ডির ৪ নম্বর সড়কের ৩৭ নম্বর বাসার পঞ্চম তলায় কাজ করতেন। আজ সকাল আটটার দিকে ওই বাসার দারোয়ান তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিত্সক পাপিয়াকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে দায়িত্বরত পুলিশ দারোয়ানকে আটক করে। ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুব্রত কুমার রায় বলেছেন, ওই বাসার গৃহকর্তার নাম জাকির হোসেন। তিনি দাবি করেছেন, ছাদ থেকে পালানোর সময় ওড়না ছিঁড়ে পাপিয়া নিচে পড়ে যান। এর আগেও তিনি পালানোর চেষ্টা করেছিলেন। এ ব্যাপারে পাপিয়ার অভিভাবকদের খবর দিলেও তাঁরা তাঁকে নিতে আসেননি।সুব্রত কুমার রায় বলেন, গৃহকর্তার বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আপাতত একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।