ধানমন্ডিতে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু
রাজধানীর ধানমন্ডি এলাকায় আজ বৃহস্পতিবার একটি বাড়িতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ এ ঘটনায় গৃহকর্তা মঈনউদ্দিন ও তাঁর স্ত্রী শাহানা আক্তারকে আটক করেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে গৃহপরিচারিকা শিলা আক্তারকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন মঈনউদ্দিন ও শাহানা আক্তার। এ সময় কর্তব্যরত চিকিত্সকেরা শিলাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু নিয়ে পুলিশের সন্দেহ হলে মঈনউদ্দিন ও শাহানা আক্তারকে আটক করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঈনউদ্দিন সাংবাদিকদের জানান, তাঁরা ধানমন্ডি ৯/এ সড়কের ৮৫ নম্বর বাসায় পঞ্চম তলায় ভাড়া থাকেন। আজ সকালে তিনি যথারীতি ধানমন্ডির এনসিসি ব্যাংকে নিজ কর্মস্থলে যান। দুপুরের দিকে তিনি খবর পান গৃহকর্মী শিলা বাড়ির লোকজনকে বেঁধে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এ সময় তিনি অফিস থেকে বাসায় ছুটে আসেন।ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন বলেন, ‘শিলার মৃত্যুর বিষয়টি রহস্যজনক। শিলা বাড়ির সবাইকে বেঁধে জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় পাঁচ তলা থেকে নিচে পড়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে।’ পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।