ধানমন্ডিতে ছয় লাখ টাকা ছিনতাই
আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়-সংলগ্ন এলাকা থেকে আসাদুজ্জামান নামের এক ব্যক্তির ছয় লাখ ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।আসাদুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি ‘সানওয়ে ওভারসিজ অ্যাডমিশন কনসাল্ট্যান্ট’ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তাঁর অফিস আওয়ামী লীগ ধানমন্ডির কার্যালয়ের পাশের ৫৩ নম্বর বাড়ির চতুর্থ তলায়। আজ বেলা ১১টার দিকে তিনি ধানমন্ডির ব্র্যাক ব্যাংক সাত মসজিদ শাখা থেকে ছয় লাখ টাকা তোলেন। পরে রিকশায় চড়ে অফিসের নিচে এসে ইত্যাদি জেনারেল স্টোর থেকে খাবার কিনছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাঁর ব্যাগসহ ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় ছিনতাইকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসাদুজ্জামান এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।