ধানমন্ডিতে দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তা দেয়াল ধসে আবদুল মালেক (৩৫) ও ইছাহাক (৩৩) নামে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও কর্মরত শ্রমিক মোজাহিদ জানান, আজ সোমবার সকাল আটটা থেকে ধানমন্ডি ২৮ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনে তাঁরা ২২ জন শ্রমিক মাটি খোঁড়ার কাজ করছিলেন। বিকেল চারটার দিকে হঠাত্ একটি কাঁচা দেয়াল ধসে তাঁদের ওপরে পড়লে তাঁরা আহত হন। এ সময় অন্য শ্রমিকেরা এগিয়ে এসে দেয়ালের নিচ থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইছাহাক নামে এক শ্রমিককে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। চিকিত্সাধীন অবস্থায় রাতে আবদুল মালেকের মৃত্যু হয়। আহত বাছির (২৫), মিলন মিয়া (২৮), আবুল কালাম (২৭) ও বিল্লাহ হোসেন (২২) হাসপাতালে ভর্তি রয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক নাজমুল হাকিম প্রথম আলোকে বলেন, আহত শ্রমিকদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ধানমন্ডি থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) সোহেল রানা প্রথম আলোকে বলেন, নিহত আবদুল মালেকের বাবার নাম আবদুর রহমান সরকার। গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মহেশপট্রি গ্রামে। নিহত ইছাহাকের বাবার নাম আবদুস সোবহান। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর গ্রামে। ঘটনার পর নির্মাণ প্রতিষ্ঠানের লোকজন পালিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।