ধানমন্ডিতে বাসের ধাক্কায় আহত ৪
রাজধানীর ধানমন্ডিতে সাতমসজিদ রোডে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রিকশাচালক আবদুল কাইয়ুমকে (৩২) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়; তাঁদের মধ্যে একজন নারী। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। এই তিনজনের পরিচয় জানা যায়নি। বাসচালক মোখলেছুর রহমানকে (২৭) আটক করেছে মোহাম্মদপুর থানার পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, আজ বেলা ১১টার দিকে জিগাতলা যাওয়ার পথে মালঞ্চ পরিবহনের একটি বাস সাতমসজিদ রোডে বাংলাদেশ আই হসপিটালের সামনে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ও আরোহীসহ চারজন আহত হন। পাশে থাকা একটি প্রাইভেট কারও বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা আবদুর রশিদ প্রথম আলো ডটকমকে জানান, নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন নারীর অবস্থা গুরুতর।