ধানমন্ডিতে রাতের ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত তখন নয়টা। মাঠের সবুজ ঘাসগুলো ফ্লাডলাইটের আলো গায়ে মেখে আরও সবুজ ও স্পষ্ট হয়ে উঠছে। রেফারির বাঁশির শব্দে মাঠে নামার তোড়জোড় পড়ে গেল সবার মধ্যে। এ মুহূর্তে পায়ে বল নিয়ে সবুজ ঘাস ডিঙিয়ে যাঁরা এগিয়ে যাচ্ছেন, তাঁরা বয়সে কেউ তরুণ নন। তবে মনের বয়সে যে সবাই আঠারো ছুঁই-ছুঁই, সেটা টের পাওয়া যাচ্ছে প্রথম থেকেই। খেলতে এসে হইহুল্লোড় আর চিৎকার শুনে কেউ বিশ্বাস করবে না যে এখানে ৬৫টি বসন্ত পেরিয়ে আসা খেলোয়াড়ও আছেন।বলা হচ্ছে ধানমন্ডি ৪ নম্বর খেলার মাঠের রাতের ফুটবলের কথা। চাকরিজীবনে ঢুকে দিনের বেলা খেলার সময় হয়ে ওঠে না কিংবা নানা কারণে খেলা হয় না—এমন কিছু ব্যক্তি, সাবেক ক্রিকেটার, ফুটবলার ও বিভিন্ন পেশাজীবী মিলে গড়ে তুলেছেন একটি অনিবন্ধিত দল। প্রায় ৪০ জনের এই দলে সবাই মাঠে নিয়মিত না এলেও অন্তত ২০ থেকে ২৫ জন নিয়মিত উপস্থিত হন। সপ্তাহে পাঁচ দিন খেলা হয় এই মাঠে। খেলার সময় এক ঘণ্টা হলেও খেলা শুরুর আগে-পরের আড্ডার সময় মিলিয়ে অনেকক্ষণ মাঠে কাটায় প্রাণবন্ত এই দলটি। এখানে খেলা শুরু হয়েছে অনেক দিন আগে। যাঁরা শুরু করেছিলেন, তাঁদের অনেকেই এখন পৃথিবীতে নেই। এসব তথ্য জানা গেল আরব বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান রানার কাছ থেকে।‘একসময় রাত হলেই এই মাঠ হয়ে যেত অপকর্মের কেন্দ্র। এখন রাতে আমাদের খেলার কারণে আর তা হয় না,’ বলছিলেন প্রকৌশলী মোহাম্মদ শোয়েব। মাঠে যাঁরা আসেন, তাঁদের যে সবাই খেলেন, তা নয়। অনেকেই পালন করেন দর্শকের ভূমিকা। দর্শক তো থাকতেই হবে, তা না হলে চিৎকার করে উৎসাহ জোগাবে কে? খেলা চলার সময় কথা হয় দর্শক সারিতে বসে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আবু সাঈদ খানের সঙ্গে। তাঁর ভাষ্য, ‘আমাদের এখানে খেলার সবচেয়ে বড় পাওয়া, আমরা মাঠটিকে রাতের মাদকসেবীদের হাত থেকে রক্ষা করতে পেরেছি।’তাঁর কথার সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির অর্গানাইজিং সেক্রেটারি হাফিজুর রহমান জোয়ার্দার বলেন, ‘আর এখানে এই পরিবেশে খেলার মজাই অন্য রকম।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার নাদির শাহ এখানে এসে হয়ে যান পুরোদস্তুর একজন ফুটবল খেলোয়াড়। পেশাগত দিকে মিল রেখে তাঁকেই বেশির ভাগ সময়ই রেফারির কাজ করতে হয়। নাদির শাহ বলেন, ‘এই সুন্দর পরিবেশে সবার সঙ্গে খেলে যে মজা পাওয়া যায়, তা অন্যখানে পাওয়া যায় না।’ মাঠের অন্ধকার তাড়াতে যে ফ্লাডলাইট জ্বালানো হচ্ছে, তা চলছে জেনারেটরে। রাতের ফুটবলে অংশ নেওয়া একাধিক ফুটবলার জানান, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আদালত সরকারের বিদ্যুৎ ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করলে সবাই মিলে চাঁদা দিয়ে জেনারেটর কেনেন। মাঠের এক কোণে একটি রুমে রাখা হয়েছে সেই জেনারেটর। শব্দদূষণের কথা মাথায় রেখে শব্দ যেন কম হয় সে ব্যবস্থাও করেছেন তাঁরা। জেনারেটর চালানোসহ আনুষঙ্গিক যে খরচ হয়, তা মেটান সবাই মিলে। তবে কার কত খরচ হচ্ছে তা বলা মুশকিল। সবাইকে সমান টাকাই দিতে হবে এমন কোনো নিয়ম নেই।রাতের ফুটবল মাঠে খেলতে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি বলেন, ‘আমি এখানে সময় পেলেই খেলি, এই তো কিছুদিন আগে এখানে আশরাফুলও খেলেছিল।’এত ব্যস্ততার মধ্যেও এখানে খেলছেন কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখানে খেলার পরিবেশটা অনেক সুন্দর, সর্বোপরি এখানে যাঁদের সঙ্গে ফুটবল খেলি, তাঁরা অনেক বন্ধুসুলভ। এ ছাড়া আমার ফিটনেস ধরে রাখার জন্য এই রাতের খেলা আমার কাজে লাগে। সবচেয়ে বড় কথা, এখানে ভালো বিনোদন পাওয়া যায়।’ পাইলটের এমন কথার সত্যতা পাওয়া যায় খেলা শুরু হওয়ার আগেই। চা ও চানাচুর খেতে খেতে সবার হাস্যোজ্জ্বল আলোচনা। কথার খুনসুটিতে বিনোদনের ষোলোকলা পূরণের মাধ্যম হয়ে ওঠে এই চা-চক্র।