ধানমন্ডির বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে পুলিশ এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত ওই গৃহবধূর নাম সুমাইয়া হোসেন (২২)। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে পুলিশ ওই বাসার বাথরুম থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। লাশটি বাথরুমের ঝরনার (শাওয়ার) সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সুমাইয়া তাঁর স্বামী, শাশুড়ি, দেবর ও ননদের সঙ্গে ধানমন্ডির ১৫ নম্বর সড়কের ২৭১ নম্বর বাসায় থাকতেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।নিহত গৃহবধূর স্বামী খায়রুল হাসান জানান, চার থেকে পাঁচ মাস ধরে স্ত্রী সুমাইয়া তাঁকে নতুন বাসা নেওয়ার কথা বলছিলেন। এ নিয়ে তাঁর স্ত্রীর মন খারাপ থাকত। তিনি আরও জানান, আর্থিক সামর্থ্য ও সময়ের অভাবে তিনি নতুন বাসা নিতে পারেননি।