বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ সহনীয় মাত্রার চেয়ে বেশি আর্সেনিকযুক্ত পানি পান করছে। একদিকে কিছু কিছু এলাকার ধানে আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে, অন্যদিকে আর্সেনিক দূষণের কারণে মাটির উর্বরতা কমে যাচ্ছে।আজ সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে সরকার ও জাতিসংঘ যৌথভাবে ‘বাংলাদেশে আর্সেনিকমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্য’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রতিবেদনটি উপস্থাপন করেন পরিবেশবিজ্ঞানী এবং এই প্রতিবেদনের প্রধান গবেষক আতিক রহমান। প্রতিবেদনে কৃষি, স্বাস্থ্য ও পানি—এ তিনটি ক্ষেত্রের ঝুঁকি সম্পর্কে আলাদাভাবে আলোকপাত করা হয়েছে। প্রতিবেদনে আর্সেনিক দূষণের কারণে ক্যানসার ছাড়াও হূদরোগ ও কার্ডিও পালমোনারি রোগের প্রকোপ বাড়া এবং শিশুদের মেধা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ধানে আর্সেনিক দূষণ বিস্তারের বিষয়টি আরও বিশদভাবে গবেষণার আহ্বান জানান।