‘গতবার হাওরে কোনো ধান কাটতাম পারছি না। কাঁচা ধান পানির তলে গেছে। একটা বছর পরিবার নিয়া কত কষ্ট করছি! বড় দুশ্চিন্তায় আছলাম। ইবার খেতের ধান কাটতে পাইরা কী যে আনন্দ লাগছে, বুঝাইতাম পারতাম না!’হাঁটুসমান পানিতে পাকা ধানে কাস্তে চালাতে চালাতে বলছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের কৃষক আফরোজ মিয়া (৪৮)। তাঁর চোখেমুখে আনন্দের ঝিলিক। এ আনন্দ নতুন ফসল কাটার। এখন সুনামগঞ্জের হাওর এলাকাজুড়ে এই এক ছবি। কারণ হাওরে বছরে একটিমাত্র ফসল ফলে, সেটি বোরো ফসল। এই ফসল ঠিকমতো গোলায় তুলতে না পারলে অসহায় হয়ে পড়ে এ অঞ্চলের মানুষ। তখন ধারদেনা করে, হাওরে মাছ ধরে বা মজুর খেটে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হয়। গত বছর এসেছিল সে রকম দুঃসময়। হাওর থেকে একেবারে শূন্য হাতে ফিরতে হয়েছিল কৃষকদের। ঢল নষ্ট করে সোনালি ধানের স্বপ্ন। এবার খেতের ধান কাটতে পেরে সবাই খুশি। এবারের পয়লা বৈশাখ যেন কৃষকদের জন্য বয়ে এনেছে এক বিশেষ আনন্দের বারতা। বৈশাখজুড়ে হাওরে চলবে এই আনন্দ উৎসব।গতকাল শুক্রবার কৃষিসচিব সি কিউ মুশতাক আহমদ বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে সুনীলকুমার বর্মণের জমির ধান কেটে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কৃষি বিভাগ ছাড়াও জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ ব্যতিক্রমধর্মী আয়োজনের সময়।হাওরে চারদিকে এখন পাকা ধানের ম-ম ঘ্রাণ। হাওরের পাড়ে পাড়ে ধান মাড়াইয়ের ‘খলা’ তৈরিতে ব্যস্ত কিষানিরা। এবার ধান উঠছে, তাই বাড়ির শূন্য ধানের গোলাটি আরেকবার মেরামত করা হয়েছে।কৃষ্ণনগর গ্রামের কৃষক স্বপনকুমার বর্মণ জানান, এ বছর হাওরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা খুশি। মাঝখানে কিছুদিন ঢল নামায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এখন সে আতঙ্ক কেটে গেছে। স্বপন এবার ৩৫ কেয়ার (৩০ শতকে কেয়ার) জমিতে ধান আবাদ করেছেন। গতকাল থেকে তাঁর ধান কাটা শুরু হয়েছে। ২০ জন শ্রমিক ধান কাটছে। গত বছর একইভাবে জমি চাষ করেও কোনো ধান গোলায় তুলতে পারেননি তিনি। মল্লিকপুর গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কৃষক আবদুল গনি আনসারী বলেন, ‘ভালোয় ভালোয় ১৫টা দিন পেলেই হবে। দিনের যে অবস্থা, আশা করি এবার কোনো সমস্যা হবে না। এবার কৃষকের মুখে হাসি থাকবে।’পাশে দাঁড়ানো রায়পুর গ্রামের কৃষক সীতেশ বর্মণ বলেন, ‘আমরা ধান তুলতে না পারলে ফকির। ধান ঘরো উঠলে ধনী। ধানের গন্ধ নাকে লাগলে প্রাণ জুড়াই যায়।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান তফাজ্জল হোসেন মাস্টার বললেন, সুনামগঞ্জের হাওরের বোরো ধানের ওপরই নির্ভর করে কৃষক পরিবারের সন্তানের লেখাপড়া, বিয়ে-শাদি, আনন্দ-উৎসব সবকিছু। গত বছর ধান ওঠেনি বলে হাওর এলাকায় বিয়ে-শাদিসহ সামাজিক অনুষ্ঠান হয়েছে কম। অনেক কৃষক পরিবারের ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ হয়েছে। চেয়ারম্যান বলেন, ‘হাওর এলাকায় ফসল তোলার পর পুরো বছর এক ধরনের উৎসব লেগে থাকে। নৌকাবাইচ, কুস্তি খেলা, ষাঁড়ের লড়াই, গ্রামে গ্রামে গানের আসর—এসব গত বছর কম হয়েছে। কারণ একটাই, হাওরের ফসল ক্ষতিগ্রস্ত হওয়া।’গত বছর এপ্রিলের প্রথম সপ্তাহে অকাল বন্যায় সুনামগঞ্জের হাওরে ব্যাপক ফসলহানি ঘটে। নিকট অতীতে এর আগে কখনো এভাবে সম্পূর্ণ ফসল তলিয়ে যায়নি। টানা কয়েক দিনের প্রবল বৃষ্টি আর উজানের ঢলে সব হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যায়। সব ধান পানির নিচে তলিয়ে যায়। সরকারি হিসাবেই বলা হয়েছিল, ৭০ শতাংশ ফসলের ক্ষতি হয়। ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মও এর জন্য দায়ী ছিল।গত একটি বছর হাওরের ফসলহারা কৃষকেরা কাটিয়েছেন চরম অভাব-অনটনের মধ্য দিয়ে। এবার নতুন ফসল উঠলে তাঁদের সেই দুঃখ ঘুচবে। আবার বছরজুড়ে উৎসবে মেতে উঠবেন হাওরের মানুষ।সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবদুল মান্নান জানান, এবার জেলায় বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে। আবাদও হয়েছে লক্ষ্যমাত্রার বেশি। লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৪৫ হাজার ৮৪৮ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে এক লাখ ৯৩ হাজার ৮৩০ হেক্টর। সুনামগঞ্জে এর আগে এত বেশি জমিতে বোরো আবাদ হয়নি। কোনোভাবে ফসল ক্ষতিগ্রস্ত না হলে এবার প্রায় সাত লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে।