ধানের উন্নয়নে বায়োটেকনোলজি
সবুজ বিপ্লব ও বিগত কয়েক দশকে আধুনিক ধানের জাত ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের মাধ্যমে ধানের ফলনের যে কোয়ান্টাম বেড়েছে, তা বিশ্বে দুর্ভিক্ষ ও অনাহারী লোকের সংখ্যা কমাতে পারলেও পুষ্টিহীনতা দূর করতে পারেনি। ২০২০ সাল নাগাদ বিশ্বের প্রায় আট বিলিয়ন মানুষের খাদ্যের সংস্থান করতে ধানের ফলন ২৫ থেকে ৪০ শতাংশ বাড়াতে হবে। উপরন্তু এই ফলন বৃদ্ধি হতে হবে সীমাবদ্ধ সম্পদ তথা স্বল্প জমি, পানি ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে। এই লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন উচ্চফলনশীল জাত, যা হবে স্থায়ী ও দীর্ঘমেয়াদি, রোগ ও পোকামাকড় প্রতিরোধক্ষম, অজৈব ঘাত সহনশীল (যথা—বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল)।আজকের জিনবিজ্ঞানের যুগে ধানের ফলন বাড়ার আরেকটি উল্লম্ফনের জন্য বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যথাযথ প্রয়োগ অবশ্যম্ভাবী। এটাই অমিত সম্ভাবনা, যার মাধ্যমে ধানের ফলন বাড়ার পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমানো যাবে এবং এর সাহায্যেই জৈব ও অজৈব ঘাত সহনশীল এবং অধিক পুষ্টিসম্পন্ন ধান উৎপন্ন করা যাবে, যার মাধ্যমে অনাহার দূর করার সঙ্গে সঙ্গে পুষ্টিহীনতাও দূর করা সম্ভব হবে।সেলুলার ও মলিকুলার বায়োলজি এবং বায়োটেকনোলজির সাম্প্রতিক অগ্রগতি বেশ কিছু নতুন কৌশল সৃষ্টি করেছে, যা ধানের ব্রিডিংকে অধিকতর দক্ষ করে তুলেছে। এসব কৌশল ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন ধানের জিন পুলের ব্যাপ্তি প্রশস্ত করা সম্ভব হয়েছে, অন্যদিকে সনাতন ব্রিডিংয়ে নির্বাচনের দক্ষতা বাড়ানোও সম্ভব হয়েছে। ফলে ধানের ব্রিডিংয়ে বর্তমানে বায়োটেকনোলজি একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।মার্কার অ্যাসিসটেড সিলেকশন ধানের ব্রিডিংয়ে একটি নতুন মাত্রা এনে দিয়েছে। এই প্রক্রিয়ায় এখন একটি বৈশিষ্ট্যকে অত্যন্ত সূক্ষ্মভাবে ও দক্ষতার সঙ্গে স্থানান্তর করা সম্ভব হচ্ছে। অতিসম্প্রতি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট মলিকুলার মার্কার ব্যবহার করে ব্যাকক্রসিং পদ্ধতিতে ধানে বন্যা সহনশীল কিউটিএল সাব-১এ-এর অনুপ্রবেশ ঘটিয়েছে। এটি উচ্চফলনশীল ধানকে (স্বর্ণা, আইআর ৬৪, বিআর-১১) বন্যা সহনশীল করেছে, যা প্রায় ১২-১৪ দিন পর্যন্ত পানির নিচে বেঁচে থাকতে পারে। এই কৌশলের মাধ্যমে অনেক একক জিন বা কিউটিএলকে একই জাতে সন্নিবেশিত (পিরামিডিং) করা সম্ভব। উদাহরণ হিসেবে ধানে মাজরা পোকা, শীথ ও ব্যাকটেরিয়াল ব্লাইট প্রতিরোধী কিউটিএল-গুলোকে একই জাতে সন্নিবেশিত করা সম্ভব। মলিকুলার মার্কারগুলো কিউটিএলএর ফাইন ম্যাপিং ও ম্যাপভিত্তিক ক্লোনিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যার সাহায্যে দরকারি জিনগুলোকে পৃথক করে উচ্চফলনশীল ধানে জেনেটিক ট্রান্সফরমেশন করা সম্ভব। এ ছাড়া মলিকুলার মার্কারগুলোকে জৈব ও অজৈব ঘাত সহনশীল বহু জিনের ট্যাগ হিসেবে ব্যবহার করা হচ্ছে।বর্তমানে মার্কার এসিসটেড ব্যাকক্রসিং পদ্ধতিটি বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে ইরি-ব্রি-ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে দুটি জনপ্রিয় ধানের জাত বিআর-১১ ও ব্রি-২৮-এ পোক্কালির (ভারতীয় লবণসহিষ্ণু স্থানীয় ধানের জাত) লবণসহিষ্ণু কিউটিএল (স্যালটল) অনুপ্রবেশের কাজ করছে। এরই মধ্যে বিআর-১১ স্যালটলকে মাঠপর্যায়ে পরীক্ষার জন্য সরবরাহ করা হয়েছে। এ ছাড়া মলিকুলার মার্কার ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইরি যৌথভাবে স্থানীয় লবণসহিষ্ণু জাত বইলামের কিউটিএল ম্যাপিংয়ের কাজ করছে। এই ম্যাপিংয়ের মাধ্যমে বইলামে বেশ কিছু উল্লেখযোগ্য কিউটিএল শনাক্ত করা হয়েছে। এই কিউটিএলগুলোকে মার্কার অ্যাসিসটেড সিলেকশন প্রক্রিয়ায় উচ্চফলনশীল ধানে স্থানান্তর করা হবে।জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্লোনকৃত জিনগুলো ট্রান্সফরমেশনের মাধ্যমে ধানে স্থানান্তর এখন অনেকটাই সহজ হয়েছে। এই প্রক্রিয়ায় রোগ ও পোকামাকড় প্রতিরোধী এবং অধিক পুষ্টিগুণসম্পন্ন ট্রান্সজেনিক ধান উদ্ভাবন করা হয়েছে, যেগুলো ধানের মোট ফলন বাড়াতে ও পুষ্টিগুণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এ পর্যন্ত জেনেটিক ট্রান্সফরমেশনের মাধ্যমে মাজরা পোকা, শীথ ও ব্যাকটেরিয়াল ব্লাইট প্রতিরোধী, খরা ও লবণসহিষ্ণু, সি-৪ সালোক সংশ্লেষী এবং প্রো-ভিটামিন-এ যুক্ত ট্রান্সজেনিক ধান উদ্ভাবন করা সম্ভব হয়েছে। একটি জিনের দক্ষতা অনেকাংশেই এর চালকের দক্ষতার ওপর নির্ভর করে। তাই শুধু জিন ট্রান্সফরমেশন করেই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে এর চালকের পরিবর্তন খুবই জরুরি। অনেক ক্ষেত্রে জিন ট্রান্সফরমেশন না করে শুধু চালকের পরিবর্তনের মাধ্যমেই জিনের কার্যক্ষমতা বাড়িয়ে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া গেছে। জেনেটিক ট্রান্সফরমেশন কৌশল ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উদ্ভিদ জীবপ্রযুক্তি গবেষণাগার এ পর্যন্ত তিনটি জিন যথা Na+-H+ antiporter, Helicase & Glyoxalase স্থানীয় বিন্নাতোয়া জাতে স্থানান্তর করেছে। জিন দুটি দিল্লি থেকে সংগৃহীত। উল্লিখিত জিন ছাড়াও এই গবেষণাগার ছয়টি প্রোমোটার (জিনের চালক) ধানে স্থানান্তর করছে। এসব ট্রান্সজেনিক ধান বর্তমানে নেট হাউসের আবদ্ধ জায়গায় বৈশিষ্ট্যায়ন চলছে।ধানের জিনোম সিকুয়েন্সিংয়ের পর এখন চলছে শনাক্তকৃত জিনগুলোর বৈশিষ্ট্য নিরূপণের কাজ। এভাবে শনাক্তকৃত সব জিনের বৈশিষ্ট্যায়ন ও বিভিন্ন বায়োটেকনোলজিক্যাল কৌশল ব্যবহারের মাধ্যমে প্রধান জিনগুরো এবং প্রধান প্রধান কিউটিএলকে উচ্চফলনশীল ধানের জাতে সংযোজন করা সম্ভব।আর এর মাধ্যমেই আসতে পারে কাঙ্ক্ষিত উচ্চ ফলন, অধিক জৈব ও অজৈব ঘাত সহনশীল এবং অধিক পুষ্টিগুণসম্পন্ন ধানের জাত, যা রচনা করবে আরেকটি সবুজ বিপ্লব।