ধানের দর কম, হতাশ কৃষক
চলতি বোরো মৌসুমে সরকার কেবল চাল কিনছে। এ কারণে বাজারে ধানের দর কিছুটা বাড়লেও কৃষকেরা সরাসরি তেমন লাভ করতে পারছেন না। এতে অনেক কৃষক এখন হতাশ।সরকার ৫ জুন থেকে ২৯ টাকা কেজি দরে চাল সংগ্রহ শুরু করেছে। এবার চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ছয় লাখ টন।চলতি সপ্তাহে প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, দেশের ধান উৎপাদনকারী কয়েকটি বড় অঞ্চলে মণপ্রতি ধানের দর ৫০০ থেকে সর্বোচ্চ ৭৫০ টাকার মধ্যে। বিঘাপ্রতি (৩০-৩৩ শতাংশ) ধানের উৎপাদনখরচ চার থেকে ছয় হাজার টাকা। বিঘাপ্রতি উৎপাদন ১৪ থেকে ১৮ মণ। সরকারি হিসাবে প্রতি কেজি ধানের উৎপাদনখরচ ১৪ টাকা। ফলে বর্তমান দরে কৃষকের তেমন লাভ থাকছে না। তাঁরা মনে করেন, লাভ না হলে পরের মৌসুমে অনেকে ধান উৎপাদনে নিরুৎসাহিত হতে পারেন।সুনামগঞ্জে কৃষক হতাশ: সুনামগঞ্জের দেখার হাওরে সদর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার জমি রয়েছে। হাওরটির উত্তরপাড়ের জগজীবনপুর গ্রামে কৃষক আইয়ুব আলীর জমি রয়েছে ১১ একর। এই জমির ফসলের ওপরই তাঁর সংসারের যাবতীয় ব্যয় নির্ভর করে। বছরের খোরাকি রেখে বাকিটা তিনি বিক্রি করেন।আইয়ুব আলী এবার ধান পেয়েছেন ৩৮০ মণ। বর্তমান দরে না পোষানোয় তিনি এখনো ধান বিক্রি করেননি। আইয়ুব আলী, আবদুল মতলিব ও আনজব আলী জানান, মণপ্রতি ধানের দাম এক সপ্তাহ আগেও ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকা ছিল। চালকলমালিকেরা চাল দেওয়া শুরু করায় দর ৬০০ থেকে ৬৫০ টাকা হয়েছে।বিভিন্ন উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কিয়ার (৩০ শতকে) জমিতে চার থেকে পাঁচ হাজার টাকা ব্যয় হয়েছে। ধান উৎপাদন হয়েছে কিয়ারপ্রতি গড়ে ১৩ মণ।সবচেয়ে বড় ধানের হাওর তাহিরপুর উপজেলার শনির হাওরে নূরুল আমিনের জমি আছে ২০ একর। তিনি ধান পেয়েছেন ৪০০ মণের মতো। তিনি বলেন, সরকার ধানের দাম নির্ধারণ না করায় কৃষকেরা ধান ধরে রাখছেন।শনির হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নূরুল আমিন জানান, মণপ্রতি ধানের উৎপাদনখরচ ও বর্তমান বাজারদর প্রায় সমান। বিশ্বম্ভরপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের কৃষক স্বপন কুমার বর্মণ বলেন, ‘১২ একর জমিতে ধান লাগিয়েছিলাম। কিন্তু ধানের যা দাম, তাতে বিক্রি করলে খরচই উঠবে না।’ধরমপাশা উপজেলার মধ্যনগরের ধান ব্যবসায়ী জহিরুল হক বলেন, এবার ফলন বেশি হওয়ায় দাম কম। এখন তাঁরা বিআর-২৯ জাতের ধান সর্বোচ্চ সাড়ে ৬০০ টাকা মণ দরে কিনছেন। গত বছর এ সময় এই ধান ৮০০ টাকার ওপরে ছিল।জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, সুনামগঞ্জে এবার ধান উৎপাদন হয়েছে ছয় লাখ ৯৫ হাজার মেট্রিক টন।নীলফামারীতে কৃষকের হিসাবনিকাশ: নীলফামারীর কয়েকটি উপজেলার হাট ঘুরে দেখা গেছে, হাটে ধানের জোগান বাড়ায় দাম কমছে। বেশির ভাগ হাটে এক মণ ধান ৬০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। জেলার তিস্তা সেচ প্রকল্পের বাইরে ও ভেতরে থাকা কৃষকদের ধানের উৎপাদনখরচে পার্থক্য রয়েছে।তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন জলঢাকা উপজেলার উত্তর দেশিবাড়ির কৃষক জমিয়ার রহমান বলেন, তিনি প্রতি বিঘায় প্রায় সাড়ে চার হাজার টাকা খরচ করে ১৫ মণ ধান পেয়েছেন। এই ধান বিক্রি হচ্ছে ৫৩০ থেকে ৫৪০ টাকা। তিনি বলেন, ‘লাভক্ষতির হিসাব করে আবাদ করা যায় না। আবাদের সময় অল্প অল্প খরচ করার পর একসঙ্গে টাকাটা পাই এটাই লাভ।’জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা বলেন, জেলায় এবার বোরো ধান আবাদ হয়েছে ৮০ হাজার ৯৮০ হেক্টরে।চাঁপাইনবাবগঞ্জে কৃষকের লাভ সামান্য: চাঁপাইনবাবগঞ্জে মিলমালিকেরা এখন ৭০০ টাকা মণ দরে ধান কিনছেন। তবে বেশির ভাগ ক্ষুদ্র কৃষককে ঋণ পরিশোধের জন্য ১০-১৫ দিন আগে ধান বিক্রি করতে হয়েছে ৬০০ থেকে ৬৫০ টাকা মণ দরে। ফলে উৎপাদনখরচ বাদ দিয়ে কৃষকের ঘরে লাভ উঠেছে সামান্যই।সদর উপজেলার বরেন্দ্র অঞ্চলের সাদিহাটি মৌজার মাঝারি চাষি আশরাফুল বলেন, ধানের মান ভালো হওয়ায় তিনি ৭০০ টাকা মণ দরে বিক্রি করেছেন। মাকরকইল মৌজার বর্গাচাষি মুক্তার হোসেন জানান, বিঘায় (৩৩ শতাংশ) সব মিলিয়ে তাঁর খরচ হয়েছে ছয় হাজার ৫০০ টাকা, ফলন হয়েছে ১৪ মণ। ধান কাটার মজুরি চুকিয়ে পেয়েছেন সাড়ে ১১ মণ। জমির মালিককে দিতে হয়েছে চার মণ। তিনি বললেন, এখন ৭০০ টাকা দরে বিক্রি করলেও তাঁর ক্ষতি হবে।নাচোল উপজেলার বেনীপুর গ্রামের এক বর্গাচাষি বলেন, তিনি পাঁচ মণ ধান বিক্রি করেছেন ৬০০ টাকা মণ দরে এবং আর পাঁচ মণ বিক্রি করেছেন ৬৫০ টাকা দরে।দিনাজপুরে চাষিদের মনে আনন্দ নেই: দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের চাউলিয়াপাড়ার বর্গাচাষি নজরুল ইসলাম বলেন, বিঘায় ৩৫ মণ ধান পেয়েছেন। বিঘাপ্রতি খরচ হয়েছে ১২ হাজার ২৪০ টাকা। ১০ মণ ধান জমির মালিককে দেওয়ার কারণে তাঁর অবশিষ্ট ২৫ মণ ধানের দাম হয় ১২ হাজার ৫০০ টাকা। এলাকার আজাহার, মোসাদ্দেক, হেদেলুসহ বর্গাচাষিরা জানান, ৫০০ টাকা মণ দরে ধান বিক্রি করে তাঁদের এক টাকাও লাভ নেই। তাঁরা জানান, দাম কম বলে তাঁদের মতো কৃষকদের মনে আনন্দ নেই।বরিশালে তাল মেলাতে পারছেন না কৃষক: বরিশাল জেলায় বোরো চাষ হয়েছে ৬৩ হাজার ২০২ হেক্টর জমিতে। নাম প্রকাশ না করার শর্তে বরিশাল আঞ্চলিক কৃষি বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উৎপাদনখরচের সঙ্গে তাল মেলাতে পারছেন না কৃষকেরা। অনেকেই চাষের জন্য ঋণ নিয়ে বিপদে পড়েছেন।বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কৃষক আবদুর রব বলেন, উৎপাদনখরচ অনেক বেশি। তাই ধান চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা।বাবুগঞ্জ উপজেলার কৃষক আজিজ শিকদার বলেন, ‘হিসাব করলে পোষায় না। তয় বাপ-দাদার পেশা, জমি আছে হেই লইগ্যা করি।’(প্রতিবেদন তৈরিতে তথ্য পাঠিয়েছেন আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ; খলিল রহমান, সুনামগঞ্জ; মীর মাহমুদুল হাসান, নীলফামারী; আসাদুল্লাহ সরকার, দিনাজপুর ও সাইফুর রহমান, বরিশাল)