ধানের দাম সরকারের জন্য শাঁখের করাত
দাম বাড়লে গরিব মানুষের জন্য সমস্যা। বেশি দাম দিয়ে চাল কিনে খেতে হয়। আর ধানের দাম বেশি কমলে কৃষক ন্যায্যমূল্য পায় না। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরামের এক আলোচনা সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেছেন।‘কৃষক পার্লামেন্ট’ শীর্ষক এ আলোচনা সভায় মতিয়া চৌধুরী আমন ধানের দাম কমে যাওয়া নিয়ে দেশের জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত সংবাদগুলো উল্লেখ করে এসব কথা বলেন। তিনি বলেন, ‘ধানের দাম কম পাওয়া নিয়ে যে উদ্বেগ বা আশঙ্কার কথা বলা হচ্ছে, তা নিয়ে সরকার সচেতন। কৃষকের যাতে ক্ষতি না হয়, সরকার সে চেষ্টা করবে।’অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, ‘ধান-চালের দামের ওঠা-নামা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। কেননা, চালের চাহিদা খুব একটা ওঠা-নামা করে না। প্রথম আলোতে কৃষকের স্বার্থ নিয়ে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়, তা ঠিকমতো অনুসরণ করলে সরকারের পক্ষে পদক্ষেপ নেওয়া সহজ হবে।’আলোচনা সভায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় কৃষিনীতির খসড়া বিষয়ে একটি সর্বসম্মত প্রস্তাব কৃষিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।কৃষক লীগ, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয় কৃষক সমিতির প্রতিনিধি ও কৃষকদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করা হয়।