উত্তরাঞ্চলের হাটগুলোতে প্রতি মণ ধান ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেনাবেচাও ভালো। এক মাসের ব্যবধানে প্রতি মণ ধানের দাম ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ২০০৭ সালের পর এবারই প্রথম ধানের ভালো দাম পাচ্ছেন কৃষক।দাম বাড়ায় কৃষকের মুখে হাসি ফুটলেও সরকারের খাদ্য বিভাগ আছে বেকায়দায়। ১২ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে দেড় মাসে তারা মাত্র এক লাখ ৩০ হাজার টন চাল সংগ্রহ করতে পেরেছে। গতকাল পর্যন্ত সরকারি গুদামে তিন লাখ ৯০ হাজার টন চাল ও দুই লাখ ৯০ হাজার টন গম রয়েছে বলে জানা গেছে।জুন-জুলাই মাসের মধ্যে বন্যা বা অন্য কোনো দুর্যোগ দেখা দিলে এই চাল দিয়ে তা মোকাবিলা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, সরকারের উচিত দ্রুত খাদ্যমজুদ বাড়ানো। এ জন্য চালের সংগ্রহমূল্য না বাড়িয়ে আন্তর্জাতিক বাজার থেকে গম আমদানির পরামর্শ দিয়েছেন তাঁরা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ধান-চালের দাম নির্ধারণ করার ক্ষেত্রে সমস্যা ছিল। তবে এখন আর নতুন করে চালের সংগ্রহমূল্য বাড়ানো উচিত হবে না। এতে বাজারে চালের দাম আরও বাড়তে পারে।খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন প্রথম আলোকে বলেন, আপাতত চালের সংগ্রহমূল্য বাড়ানোর চিন্তা করা হচ্ছে না। বাজার ভালোমতো পর্যবেক্ষণ করে কিছুদিন পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য বেশি করে গম আমদানির পাশাপাশি চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণেরও চেষ্টা করা হবে বলে তিনি জানান।এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মোটা চালের দাম দুই টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি মোটা চাল ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিকন চালের দাম ৩২ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।খাদ্য অধিদপ্তর প্রায় ১১ হাজার চালকলের সঙ্গে চার লাখ ৯০ হাজার টন চাল সরবরাহের চুক্তি করেছে। চালকল মালিকেরা চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করতে না পারার জন্য সরকারের সংগ্রহমূল্যের অসামঞ্জস্যতাকে দায়ী করছেন। ধান-চালের ভারসাম্য মূল্য নির্ধারণ করতে না পারলে চালকল মালিকেরা সরকারি গুদামে চুক্তি অনুযায়ী সরবরাহ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।দেশের বিভিন্ন চালের মোকাম ও হাটে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে চালের সরবরাহের কোনো ঘাটতি নেই। কৃষি মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ অনুযায়ী বোরোর ৯৫ শতাংশ ধানই কাটা হয়ে গেছে। এই সময়টাতে বাজারে সাধারণত ধানের দাম কম থাকে। সোমবার চালকল মালিকদের একটি প্রতিনিধিদল খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করতে না পারার কারণ তুলে ধরেছে। চালের সংগ্রহমূল্য না বাড়িয়ে ও চালকল মালিকদের লোকসানের মধ্যে না ফেলে কীভাবে সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ করা যায়, সে ব্যাপারে তাঁরা ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড রাইস হাসকিন মালিক সমিতির আহ্বায়ক এ কে এম লায়েক আলী প্রথম আলোকে বলেন, বর্তমানে হাটে প্রতি মণ ধান ৬০০ থেকে সাড়ে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে ধান কিনে তা চালে পরিণত করে সরকারের গুদামে দিতে গেলে লোকসান গুণতে হবে। তিনি বলেন, ‘আমরা চাই না বাজারে চালের দাম ২৫ টাকার চেয়ে বেশি হোক। সংগ্রহমূল্য ২৫ টাকা রেখেই সরকার আমাদের বিশেষ ব্যবস্থাপনায় লোকসান কমানোর উদ্যোগ নিলে ভালো হয়।’ চালকল মালিক ও অর্থনীতিবিদেরা হিসাব কষে বলেছিলেন, এক কেজি ধানের দাম ১৭ টাকা হলে তা চালে পরিণত করলে দাম দাঁড়ায় ২৭ থেকে সাড়ে ২৭ টাকা।অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) হিসাবে চলতি বছর এক কেজি ধান উৎপাদনে ১২ টাকা খরচ পড়েছে। কৃষকের ঋণের টাকা ও পরিবহন-খরচ যোগ করেও বর্তমান বাজারদরে যথেষ্ট পরিমাণে মুনাফা থাকে। কৃষি মন্ত্রণালয়ের হিসাবে চলতি বছর এক কোটি ৮৭ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। হাওর এলাকায় বাঁধ ভেঙে ধান ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও মোট উৎপাদন এক কোটি ৮৫ লাখ টন হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। আমন ও আউশ মিলিয়ে আরও এক কোটি ৬০ লাখ টন চাল উৎপাদন করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফওএ) চলতি জুন পর্যন্ত বিশ্বের চাল উৎপাদনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়, বাংলাদেশে এ বছর সাড়ে তিন কোটি টন চাল উৎপাদন হতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশে মোট চালের চাহিদা রয়েছে তিন কোটি টন।পরিস্থিতি মোকাবিলায় সরকারকে পরামর্শ দিয়ে মাহবুব হোসেন বলেন, সরকারের উচিত হবে বাজারে ধান-চালের দাম কমা পর্যন্ত অপেক্ষা করা। আর বর্তমান চাহিদা মেটানোর জন্য আন্তর্জাতিক বাজার থেকে গম কিনে তা দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করা। চালের দাম কমলে সংগ্রহ শুরু করা।