ধানের বাম্পার ফলন, কিন্তু শ্রমিক সংকট
‘গত কয়েক বছরেও ধানের এত ফলন দেখিনি, এবার আল্লা কুটি (কোত্থেকে) থ্যাকা যে এত ধান দিছে তা কবার (বলার) মতো লয়। ধান ক্যাটপার যাইয়া জমিত ধানের গোছা দেক্যা মন আনন্দে ভরা গ্যাছে। তা ছাড়া হাটত ধানের দামও মোটামুটি ভাল। কিন্তু ধান কাটার কামলার (ধানকাটা শ্রমিক) অভাবে ঘরোত ধান তোলা কঠিন হইয়্যা পড়িচে। দাম বেশি দিয়্যাও কামলা পাচ্চি না।’এক দিকে ভালো ফলন, অন্যদিকে বাজারে কাঁচা ধানের দাম ভালো। বুকভরা আশা নিয়ে কামলা সংকটে শঙ্কিত হয়ে কথাগুলো বললেন উপজেলার ইসলামপুর গ্রামের আলতাফ হোসেন মাস্টার (৫৪)। তিনি এবার ইরি-বোরো মৌসুমে ২৫ বিঘা জমিতে ধানের আবাদ করেছেন। গত পাঁচ-সাত দিন আগে থেকে তিনি ধান কাটা শুরু করেছেন।৮ মে উপজেলার ইসলামপুর, ভাটাহার. কনকায়, তালুচ, ঝাঁঝিড়া, জিয়ানগর, মহেশ মান্ডা, গুনাহার, খাগড়া, করমজী, ডিমশহর, চেঙ্গা, জিয়ানগরের মহিষ মন্ডা ও খলিশ্বর এলাকা ঘুরে দেখা গেছে, মাত্র সপ্তাহখানেক আগ থেকে মাঠে ধান কাটার ধুম পড়েছে। ধান কাটা ও মাড়াই নিয়ে চাষিদের বাড়ি বাড়ি এখন উৎসবের আমেজ। বাড়ির গৃহবধূরাও এ কাজে মহা ব্যস্ত। এবার ধানের বাম্পার ফলন হয়েছে। ইরি-বোরো মৌসুমের শুরুতে বীজ ধানের সংকট ও বিদ্যুৎসংকটে সেচ পানির ব্যবস্থা ব্যাহত হলেও ঝড়-বৃষ্টি না হওয়ায় এবং পোকা-মাকড় ধান গাছে না লাগায় বাম্পার ফলন হয়েছে। তবে একই সময়ে গোটা উপজেলায় ধান কাটার জন্য কৃষকেরা কামলা (ধানকাটা শ্রমিক) সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ড তালোড়া ও আলতাফনগর রেলস্টেশনে প্রতিদিন ভোরে গৃহস্থদের ভিড় আর কামলাদের নিয়ে টানাটানির চিত্র চোখে পড়ার মতো।দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কৃষকদের চাহিদা বুঝে কামলারাও এ সুযোগ কাজে লাগাচ্ছেন। এ এলাকায় প্রতি বছর লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কামলারা বেশি ধান কাটার কাজ করে থাকেন। কামলার সংকটে এখন পর্যন্ত উপজেলার সিকি পরিমাণ ধানও কাটা হয়নি। প্রতিবছর এ সময় অর্ধেক ধান কাটা হয়ে থাকে। এ মাসের ২০-২৫ তারিখের মধ্যেই গোটা উপজেলার ধান কাটা শেষ হয়ে যায় প্রতি বছরই। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার বোরো মৌসুমে ১৩ হাজার ২৮০ হেক্টর জমিতে ধান চাষাবাদ করেছে কৃষকেরা। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ৮৪ হাজার মে. টন। তা ছাড়া কৃষকদের বাড়তি সুবিধার জন্য সরকার ডিজেল ও বিদ্যুতে ভর্তুকি দিয়েছে। ডিমশহর গ্রামের শামসুল হক জানান, উপজেলা সদরে তাঁর দোকান আছে। চার-পাঁচ দিন হলো দোকান বন্ধ করে ধান কাটার কাজ করছেন তিনি। এবার তিনি ১৪-১৫ বিঘা জমিতে ধানের চাষ করেছেন। ধানের এতো ফলন গত কয়েক বছরে দেখেননি তিনি। জমিতে বিঘাপ্রতি ১৬-১৮ মণ করে ধান পেয়েছেন। বাইরের কামলার সঙ্গে যোগাযোগ করে না পেয়ে স্থানীয় আট-নয়জন শ্রমিক দিয়ে ধান কাটার কাজ শুরু করেছেন। এবার এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকা বিঘাপ্রতি ধান কাটার জন্য চুক্তি করে কামলা লাগিয়েছেন। তা ছাড়া তিনবেলা খাবার দিতে হচ্ছে। তবে ধানের দাম কিছুটা বাড়ায় গত বছরের তুলনায় দেড় গুণ বেশি মজুরি দিতে তাঁর কোনো অসুবিধা হচ্ছে না।শামসুল হকের ধান কাটা কাজে নিয়োজিত শ্রমিক পার্শ্ববর্তী হাটসাজাপুর গ্রামের ফয়েজ উদ্দিন বলেন, ‘এখন হামরা সগলিই দু-এক বিঘা করা জমিত ধান লাগায়। তা দিয়ে বছরের অর্ধেক মাস খোরাকি চলে। তা ছাড়া রিকশা-ভ্যান চলা সংসার খরচ জোগাড় করি। এই রোদত ইরি ধানের কাজ করা খুবই কষ্টের। তাই হামাকেরে এলাকাত কামলাকরোক পাওয়া এ্যানা কঠিনই।’তালুচ গ্রামের কৃষক বাদেশ উদ্দিন প্রাং বলেন, ‘আগেত থ্যাকাই বারে বারে হামার বাড়িত গাইবান্ধার কামলা কাজ কর্যা থাকে। এবার কামলাকেরে সাথে মোবাইলে যোগাযোগ কর্যা আবারো ধান ক্যাটপার লাগাছি। হামার চাতাল ব্যবসা কয়েক দিন বন্ধ কর্যা কামলাদের সাথে থ্যাকা ধান কাটা লিচ্ছি। ২০ বিঘা জমিত ধান লাগাচি। দুদিন হলো ধান কাটা শুরু করিছি। সারা দিনে ১৫-১৬ জন গিরস্থরা (চাষিরা) হামার কামলা কেরে কাছে আসে, লোভ দিয়্যা অন্য জাগাত কামলাকরোক লিয়্যা যাইয়া কামত (ধান কাটা কাজে) লাগাবে, এ ভয়েই সারাক্ষণ কামলা কেরে সাথেই হামি আছি। এবার এক হাজার সাড়ে তিন শ টাকা বিঘা দিবার চাচি তা ছাড়া তিন বেলা গরম ভাত, রাতে মশারি না হলে কয়েল এমন কি থাকার ঘরত ফ্যানও দিচি। সাবান ত্যাল (তেল) আবার রাত (রাতে) সিডিও দেখাই।ঝাঁঝিড়া গ্রামের কলেজশিক্ষক আবদুল হাকিম জানান, ‘এবার মৌসুমের শুরুতেই বিছন ধানের সংকট দেখা দিয়েছিল। তারপরও কৃষকেরা হাটবাজার থেকে বেশি দামে বিছন কিনে ইরি-বোরো মৌসুমে চাষাবাদ করেছে। আমি এবার ২০ বিঘা জমিতে ধানের চাষ করেছি। ফলন হছে বাম্পার। কিন্তু কামলা পাচ্ছি না। তিন দিন হলো তালোড়া রেলস্টেশনে ছোট ভাইকে পাঠাইয়াছি কিন্তু কামলা পাচ্ছি না। প্রায় সময়ই আকাশ খারাপ হচ্ছে। দুঃচিন্তায় ঘুম-খাওয়া পর্যন্ত হারাম হয়ে গেছে।গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধরমপুর গ্রামের ধানকাটা শ্রমিক অলিবর হোসেন ও দেলোয়ার হোসেন বলেন, ‘মোর দ্যাশত এখন কামের ওবাব ন্যাই বাহে। আগে মুইয়েরা ওবাবে দলে দলে কামের খোঁজে আসিচ্ছুনু। হাত পাও ধর্যা মহাজনক থ্যাকা কাম লিছনু বাহে। এখন মুইয়েরাও দ্যাশত ধান লাগাই।’উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়েজ উদ্দিন বলেন, এবার উপজেলায় বোরো মৌসুমে ধানের ব্যাপক ফলন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তবে ধানকাটা শ্রমিকের সংকটে ধানকাটা পিছিয়ে পড়েছে।