ধামরাইয়ে অ্যানথ্রাক্সের কারণে পশু-পাখি মারা যায়নি
রাজধানীর ধামরাইতে জবাই করা গরুর রক্ত খেয়ে অর্ধশত পশু-পাখির মৃত্যুর সঙ্গে অ্যানথ্রাক্স সংক্রমণের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন প্রাণিসম্পদ বিভাগের উপপরিচালক মোসাদ্দেক হোসেন। তিনি বলেছেন, পাখির দেহে অ্যানথ্রাক্স সংক্রমিত হয় না। নমুনা পর্যবেক্ষণের পর এসব পশু-পাখি অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে মারা যায় নি বলে নিশ্চিত করেছে প্রাণিসম্পদ বিভাগ।উল্লেখ্য, গত বৃহস্পতিবার ধামরাই পৌর এলাকার কায়েত পাড়ার বাসিন্দারা কালামপুর হাট থেকে তিনটি গরু কিনেছিল। গত শুক্রবার কায়েতপাড়ায় এই ৩টি গরু জবাই করা হয়। গতকাল শনিবার সকালে পড়ে থাকা রক্ত ও মাংস খেয়ে অর্ধশত পশুপাখি মারা যায়।প্রাণিসম্পদ বিভাগের উপপরিচালক মোসাদ্দেক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম আলোকে বলেন, পড়ে থাকা রক্তে ব্যাকটেরিয়া জন্মে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে। এ কারণে এসব রক্ত খেয়ে পাখি ও কুকুর মারা যেতে পারে। পাখির দেহে অ্যানথ্রাক্স সংক্রমিত হওয়ার কোন সম্ভাবনা নেই বলে তিনি জানান। তবে বাড়তি সতর্কতার জন্য ধামরাইয়ের ৩১টি পরিবারকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।