ধামরাইয়ে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার বরদাইল গ্রামে আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই সেনা কর্মকর্তা আহত হয়েছেন। আহত সেনা কর্মকর্তারা হলেন মেজর নজরুল ইসলাম (চালক) ও লে. কর্নেল আরিফুল বারী (সহচালক)। ঘটনাস্থলে উপস্থিত নবম পদাতিক ডিভিশনের মেজর সালাউদ্দিন প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।তবে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, আজ সকালে ধামরাই উপজেলায় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার জরুরি অবতরণ করে। এ ঘটনায় একজন পাইলট সামান্য আহত হয়েছেন। আরেকজন অক্ষত রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বরদাইল গ্রামের বালুর চরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে যায়। তারা দুর্ঘটনাকবলিত হেলিকপ্টার থেকে দুই সেনা কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। এরপর তাঁদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে যান। মেজর সালাউদ্দিন জানান, প্রশিক্ষণের উদ্দেশে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দর থেকে আজ সকাল আটটা ৪২ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। প্রশিক্ষণ চলাকালে সকাল সাড়ে নয়টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।