ধামরাইয়ে একই পরিবারের তিনজন এসিড-সন্ত্রাসের শিকার, গ্রেপ্তার ১
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ধামরাই উপজেলার বাথুলি গ্রামের একই পরিবারের তিনজন গতকাল সোমবার দিবাগত রাতে এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন।এসিড-সন্ত্রাসের শিকার তিনজন হলেন বাথুলি গ্রামের কমলা বেগম (৫৫), তাঁর মেয়ে তানিয়া আক্তার (১৮) ও কমলার নাতি তানভির হাসান (১০)।তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তানভিরের অবস্থা আশঙ্কাজনক।এ ব্যাপারে আজ মঙ্গলবার ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মহিদুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, বাথুলি গ্রামের তজিম উদ্দিনের স্ত্রী কমলা মেয়ে তানিয়া এবং নাতি তানভির হাসানকে নিয়ে সোমবার রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। রাত একটার দিকে তানভিরের চিত্কারে তানিয়া জেগে ওঠেন। পরে এরপর ঘরে আলো জ্বেলে দেখেন তিনি নিজে, তাঁর মা এবং ভাতিজার শরীর এসিডে ঝলসে গেছে। পরে তাঁদের চিত্কারে প্রতিবেশীরা ওই রাতেই মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করায়।এসিডে তানিয়া ও তাঁর মা কমলা বেগমের মুখমণ্ডলের আংশিকসহ দুই হাত ঝলসে গেছে। তানভির হাসানের মুখমণ্ডলসহ গলা, বুক ও দুই হাতের ওপরের অংশ ঝলসে গেছে। তানভিরের অবস্থা গুরুতর বলে চিকিত্সকেরা জানিয়েছেন।তানিয়া মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী আর তানভির স্থানীয় রেনেসা মডেল একাডেমির চতুর্থ শ্রেণীর ছাত্র।এ ব্যাপারে তানিয়া বলেন, ‘কলেজে যাওয়া-আসার পথে প্রতিবেশী আলমগীর হোসেন ও মহিদুল ইসলাম নামের দুই যুবক আমাকে প্রায়ই উত্ত্যক্ত করত। সপ্তাহখানেক আগেও আলমগীর আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমাদের এসিডে ঝলসে দেওয়া হয়েছে।’তানিয়ার মা কমলা বেগম বলেন, ‘গতকাল সোমবার বিয়ের প্রস্তাব নিয়ে কয়েকজন তাঁর মেয়েকে দেখে যান। এতে ক্ষিপ্ত হয়েই মহিদুল ও আলমগীর বন্ধুদের সহায়তায় আমার মেয়েকে উদ্দেশ করে এসিড নিক্ষেপ করে। একই বিছানায় শুয়ে থাকায় আমরাও আহত হই।’তানভিরের মা মালেকা বেগম জানান, ঘরের চারপাশে টিনের বেড়া থাকলেও প্রচণ্ড গরমের কারণে জানালার একটি অংশ খোলা রাখা হয়েছিল। জানালার ওই খোলা অংশ দিয়েই দুর্বৃত্তরা বড় সিরিঞ্জের সাহায্যে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। মশারি ভেদ করে এসিড তাঁর ছেলে, শাশুড়ি ও ননদের শরীরে গিয়ে লাগে। ঘটনার পরপরই তাঁর ছেলের আর্তচিত্কারে পাশের ঘর থেকে তাঁরা ওই ঘরে ছুটে যান।এ ব্যাপারে মালেকা বেগম বাদী হয়ে আজ ধামরাই থানায় মামলা দায়ের করেন। মামলায় মহিদুল, আলমগীরসহ বেনামী কয়েকজনকে আসামি করা হয়েছে।ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, মামলা দায়েরের পরই অভিযুক্ত মহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে।