ধামরাইয়ে ছিনতাই হওয়া ট্রাক সাভার থেকে উদ্ধার
সাভার হাইওয়ে পুলিশ গতকাল বুধবার দিবাগত রাতে ছিনতাই হওয়া ৩০ লাখ টাকা মূল্যের রড তৈরির কাঁচামালসহ ট্রাকটি উদ্ধার করেছে। পুলিশ এ সময় দুই দুর্বৃত্তকে আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার নিখোঁজ রয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার যাত্রাবাড়ীর বাদশা মিয়া (২৪) ও দীন ইসলাম (২২)।সাভার হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা রড তৈরির কাঁচামাল বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল। ট্রাকটি বুধবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বারবারিয়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অপর একটি ট্রাক ও মাইক্রোবাস দিয়ে ট্রাকটির গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা ট্রাকের চালক ও সহকারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সাভারের নবীনগর হয়ে টাঙ্গাইলের উদ্দেশে রওনা করে। খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশের একটি টহল দল কালিয়াকৈর-নবীনগর সড়কের বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাকটি আটকের চেষ্টা চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গতিপথ পরিবর্তন করে ট্রাকটি নিয়ে সাভারের দিকে চলে যায়। পরে সাভার বাজারের কাছ থেকে দুই দুর্বৃত্ত ও মালামালসহ ট্রাকটি আটক করা হয়।সাভার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নাজমুল হুদা জানান, ভারত থেকে আমদানি করা রড তৈরির কাঁচামাল নিয়ে ট্রাকটি চট্টগ্রামের কবীর স্টিল অ্যান্ড রুলিং মিলে যাচ্ছিল। ধামরাইয়ের বারবারিয়া থেকে মালসহ ট্রাকটি ছিনতাই হয়। এর আগে দুর্বৃত্তরা ট্রাকচালক মফিজ (৪০) ও তাঁর সহকারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্তও তাঁদের খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।