ধামরাইয়ে জনতার হামলায় তিন পুলিশ আহত
জনতার হামলার শিকার হয়ে গতকাল মঙ্গলবার রাতে আহত হয়েছেন ঢাকার ধামরাই থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বারিল্লা গ্রাম থেকে আসামি ধরে থানায় ফেরার পথে এলাকাবাসী তাদের ওপর হামলা চালায়। এ সময় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ সেখান থেকে সরে পড়ে। সাভার থানা সূত্র জানায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট মারামারির ঘটনায় বারিল্লা গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে গত শুক্রবার ধামরাই থানায় একটি মামলা করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুম খানের নেতৃত্বে একদল পুলিশ গতকাল রাতে আসামি ধরতে বারিল্লা গ্রামে যায়। তারা রাত সাড়ে ১০ টার দিকে আসামি বিনোদ সরকারের বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বিনোদকে নিয়ে ওই বাড়ি থেকে বের হওয়ার পরপরই বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিত্কার শুরু করে। এ সময় শতাধিক লোক লাঠি, বল্লম ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। প্রথমে পুলিশ তাদের বুঝিয়ে নিবৃত করার চেষ্টা করে, পরে ব্যর্থ হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু গ্রামের মানুষ আরও মারমুখী হয়ে উঠলে পুলিশ ফাঁকা গুলি ছোড়তে থাকে। একপর্যায়ে তারা নিরাপদ দূরত্বে সরে যায়।পুলিশ জানায়, ইটপাটকেলের আঘাতে এসআই মাসুম খান, নায়েক নুরুল ইসলাম ও কনস্টেবল শামসুল ইসলাম আহত হন। তাঁদেরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়। এসআই মাসুম খান প্রথম আলো অনলাইনকে বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার জন্যই পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় নিজেদের রক্ষা করতে তাঁরা ২২টি ফাঁকা গুলি ছোড়তে বাধ্য হন।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।