‘বালু উত্তোলনের কারণে ভিটে বাড়ি হারিয়ে এখন অন্যের বাড়িতে থাকি। ওই বাড়িটিও ভাঙনের মুখে’
ধামরাইয়ে পুলিশের ওপর ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর হামলা
ঢাকার ধামরাই উপজেলার দেপশাই গ্রামের কয়েক শ নারী গতকাল রোববার ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এ সময় তাঁরা যানবাহন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। বিক্ষুব্ধ নারীদের নিবৃত্ত করতে পুলিশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষে পুলিশভ্যানের চালকসহ ২০ জন আহত হন।বংশী নদী থেকে ক্রমাগত বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের এসব নারী অভিযোগ করেন, এরই মধ্যে তাঁরা অনেকেই জমি, বাড়িঘর হারিয়েছেন। কিন্তু প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামের পুরুষ সদস্যরা কর্মক্ষেত্রে থাকায় নারীরাই হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা নাজনীন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘মানুষের বাড়িঘর ও চাষের জমি বিনষ্ট হওয়ায় ইজারাদারকে বালু উত্তোলন বন্ধ রাখার জন্য ১৫ দিন আগে চিঠি দিয়েছি। এর পরও তারা বালু উত্তোলন চালিয়ে যায়।’বালুমহালের ইজারাদার আবু তাহের বলেন, ‘আমরা ইজারা নিয়ে বালু উত্তোলন করছি। একটি মহল উদ্দেশ্যমূলকভাবে আমাদের শ্রমিকদের মারধর করেছে। আমাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে।’উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের প্রস্তাব অনুযায়ী আন্তমন্ত্রণালয় কমিটির ৩০তম সভায় এ বছর দেপশাই বালুমহাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী তাহির ট্রেডার্সকে এক বছরের জন্য বালুমহালটি ইজারা দেওয়া হয়। ইজারাদাররা প্রায় তিন মাস ধরে বড় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন।দেপশাই গ্রামের মানুষ জানান, গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া বংশী নদীর দুই কিলোমিটার এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ কারণে নদীর দুই তীরের বাড়িঘর, ধর্মীয় স্থাপনা ও চাষের জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এখন তাহের ট্রেডার্স বালু উত্তোলন করছে। এর আগে অন্যরা করেছে।এলাকাবাসী জানান, কয়েক দিন ধরে দেপশাই গ্রামের আলী হোসেন, দরবেশ আলী, মুন্নাফ আলী ও কাদেরের বাড়িসংলগ্ন নদী থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল। এতে ওই বাড়িগুলো হুমকির মুখে পড়ে। এসব বাড়ির মালিকেরা বাড়ি ঘেঁষে বালু উত্তোলন না করার জন্য অনুরোধ করে আসছিলেন। কিন্তু তাঁদের অনুরোধে সাড়া না দিয়ে বালু উত্তোলনের কারণে গতকাল সকাল ১০টার দিকে ওই সব বাড়ির নারীরা ড্রেজারে ইটপাটকেল নিক্ষেপ করেন। ড্রেজার থেকেও শ্রমিকেরা ওই নারীদের ওপর পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বিক্ষুব্ধ নারীরা ড্রেজারে গিয়ে হামলা চালান।খবর পেয়ে সাড়ে ১০টার দিকে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বিক্ষুব্ধ নারীরা পুলিশের কাছে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ দাবির প্রতি গুরুত্ব না দিয়ে বরং তাঁদেরই গালিগালাজ করে। এ সময় কয়েক শ নারী একজোট হয়ে পুলিশের ওপর হামলা চালান। পুলিশও তাঁদের নিবৃত্ত করতে কয়েকটি গুলি ছোড়ে। এ সময় দূরে দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম নামের ওই গ্রামের এক যুবক গুলিবিদ্ধ হন। এতে নারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন এবং বালু উত্তোলনকারীদের একটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।ধামরাই থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করলে নারীরা পুলিশের ওপর আবারও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলাকালে পুলিশের পিকআপ ভ্যানের চালক কনস্টেবল আবুল কালাম আজাদ আহত হন। আহত হন ১৭ নারী।দেপশাই গ্রামের আলী হোসেনের স্ত্রী সালেহা বেগম জানান, তাঁর একমাত্র সম্বল বংশী নদীর ধারে সাত শতাংশের একটি বাড়ি। বালু উত্তোলনের কারণে নদীভাঙনের শিকার হয়ে গত তিন বছরে তাঁদের বসতঘরটি তিনবার সরাতে হয়েছে। অবশিষ্ট বাড়িটুকুও ভাঙনের মুখে পড়েছে। তিনি অভিযোগ করে বলেন, ‘পুলিশ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং এর প্রতিবাদ করায় আমাদেরই গালমন্দ করে। এ কারণেই পুলিশের ওপর হামলা চালাই।’জয়নালের স্ত্রী জায়দা বেগম বলেন, ‘বালু উত্তোলনের কারণে ভিটেবাড়ি হারিয়ে এখন অন্যের বাড়িতে থাকি। ওই বাড়িও ভাঙনের মুখে।’ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, বালু উত্তোলনকারী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালালে পুলিশ আত্মরক্ষার্থে কয়েকটি গুলি ছোড়ে। তখন পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশের গাড়িচালকসহ কয়েকজন আহত হন। উত্তেজিত জনতা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।