ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুরে আজ বৃহস্পতিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। দুর্ঘটনার পর সড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।ঘটনাস্থলেই নিহত নোয়াই (৪৫) দুর্ঘটনাকবলিত বাসটির চালকের সহকারী। আহতদের মধ্যে চালক রনিকে (৩২) ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ছয়জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ধামরাইয়ের সুয়াপুর থেকে গাবতলীগামী নিরাপদ পরিবহনের একটি বাস কালামপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাস ও একটি হিউম্যান হলারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার ওপর কাত হয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তার ওপর পড়ে থাকায় এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।