ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুরে মাটিবোঝাই একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেওয়ায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শিশুসহ তিনজন। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কেরানীগঞ্জের বাঘুইর গ্রামের পাগল চাঁনের ছেলে প্রেম কুমার দাস (৩৫), তাঁর স্ত্রী ভানু রানী দাস (২৮), ছেলে সৈকত চন্দ্র দাস (৮), শ্যালকের স্ত্রী কল্পনা রানী দাস (২৮) ও অটোরিকশার চালক বাবুল (৩০)। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রেম কুমারের শ্যালিকা শশি রানী ও তাঁর মেয়ে রাত্রি ও অপরূপাকে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ধামরাই থানা পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, দিন পাঁচেক আগে প্রেম কুমার স্ত্রী-সন্তান নিয়ে সাভারের হেমায়েতপুরে তাঁর শ্বশুরবাড়ি বেড়াতে যান। সেখান থেকে স্ত্রী-সন্তান ও স্বজনদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ধামরাইয়ের রামরাবণ গ্রামে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী অটোরিকশাটি দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামপুর এলাকায় পৌঁছালে একটি মাটিবোঝাই ট্রাক এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সৈকত। মুমূর্ষু অবস্থায় বাকিদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ভানু রানী দাস। ওই হাসপাতালে ভর্তি করার পর মারা যান চালক বাবুল। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান প্রেম কুমার ও কল্পনা। ঘটনার প্রত্যক্ষদর্শী ইসলামপুরের মো. মাসুম আহমেদ জানান, আরিচার দিক থেকে আসা মাটিবোঝাই একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, ট্রাকটি বেপরোয়া গতিতে এসে অটো রিকশাটিকে চাপা দেয়। ট্রাকের চালকের আসনে এক তরুণকে দেখতে পান তিনি।কল্পনা রানীর প্রতিবেশী প্রকাশ দাস বলেন, প্রেম কুমার ও কল্পনার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ভানু রানী ও তাঁর ছেলের লাশ আজ দুপুরেই কেরানীগঞ্জে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াসুর রহমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাকটি বেপরোয়া গতিতে অটোরিকশার ওপর তুলে দেওয়ার কারণেই এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় ট্রাকসহ তাঁকে আটক করা সম্ভব হয়নি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার পর থানায় মামলা করা হয়েছে। ট্রাকসহ ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।