ধামাচাপায় জড়িত বাবর, আগেই জানতেন নিজামী
মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আসামি করা হয়েছে। গতকাল আদালতে দেওয়া সম্পূরক অভিযোগপত্রে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। আর একই সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীকে আসামি করা হয়েছে অস্ত্র খালাসের ঘটনায় তাঁর অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের রক্ষার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে। সম্পূরক অভিযোগপত্রে এই দুজনের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বর্ণনা আছে বলে আদালত ও সিআইডি সূত্র জানিয়েছে। এর মধ্যে জামায়াতের নেতা নিজামী আগে থেকে অস্ত্র খালাসের তথ্য জানতেন—এমন সাক্ষ্যও পাওয়া গেছে বলে সূত্র জানায়।অবশ্য চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মদ গতকাল প্রথম আলোকে বলেন, অস্ত্র আনার সঙ্গে নিজামী ও বাবর সরাসরি জড়িত ছিলেন, তদন্তে প্রমাণ মিলেছে।এ ছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখার তৎকালীন মহাপরিচালক আবদুর রহিম ও ডিজিএফআইয়ের পরিচালক রেজ্জাকুল হায়দারসহ আরও কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা অস্ত্র চালান বিদেশ থেকে আনা এবং খালাসে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে সম্পূরক অভিযোগপত্রে উল্লেখ করা হয়।বাবরের তৎপরতা: পিপি কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, জোট সরকার আমলে বাবর ১০ ট্রাক অস্ত্র মামলার মূল হোতাদের বাঁচানোর জন্য সক্রিয় ছিলেন। অভিযোগপত্রে এ ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ২০০৪ সালের এই অস্ত্র আটকের ঘটনায় তখন গঠিত সরকারি তদন্ত কমিটির প্রধান ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক। কমিটির অন্য সদস্যরা ছিলেন এনএসআইয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী, ডিজিএফআইয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) শামসুল ইসলাম ও সিআইডির ডিআইজি ফররুখ আহাম্মদ।গত বছর ১৬ সেপ্টেম্বর এনামুর রহমান চৌধুরী ও ২০ সেপ্টেম্বর ফররুখ আহাম্মদ আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, জোট সরকারের আমলে তদন্তে এই অবৈধ অস্ত্র চালানের সঙ্গে গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার বিষয়টি ধামাচাপা দিতে লুৎফুজ্জামান বাবর ও রেজ্জাকুল হায়দার চৌধুরী তৎপর ছিলেন।ফখরুখ আহাম্মদ আরও বলেন, এ ঘটনায় এনএসআইয়ের শীর্ষ কর্মকর্তারা জড়িত থাকার কথা তিনি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী আমাকে বলেন, অনেক ব্যাপারে ন্যাশনাল ইন্টারেস্ট (জাতীয় স্বার্থ) জড়িত থাকে। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। ১৯৯৬ সালে কক্সবাজারে এক ট্রলার অস্ত্র ধরা পড়ে। খোঁজ নিয়ে দেখেন, সে ব্যাপারে কোনো মামলাও হয়নি। কাজেই জাতীয় স্বার্থে আমাদের একটু বুঝে-শুনে কাজ করতে হবে। আমি কমিটি করে দিয়েছি। স্বরাষ্ট্রসচিবের সঙ্গে পরামর্শ করে কাজ করেন। উনাকে সবকিছু বলা আছে।’নিজামী আগেই জানতেন: পিপি কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, সিইউএফএলের দুই কর্মকর্তা, সাবেক শিল্পসচিব ও বিসিআইসির চেয়ারম্যানের জবানবন্দিসহ তদন্তে বেরিয়ে এসেছে, নিজামী অস্ত্রের চালান আসার বিষয়টি আগে থেকেই জানতেন। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সিইউএফএলের জেটিঘাটে অস্ত্র খালাস নির্বিঘ্ন করতে নিজামীর আস্থাভাজন শিল্প মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব নুুরুল আমিনকে সেখানে পাঠানো হয়েছিল। তা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীনে সংরক্ষিত এ এলাকায় অস্ত্র খালাসের ঘটনা ধরা পড়ার পরও এ ব্যাপারে বিভাগীয় তদন্ত বা অন্য কোনো ব্যবস্থা নিতে দেননি নিজামী। গত বছরের অক্টোবরে আদালতে সাবেক শিল্পসচিব শোয়েব আহমেদ ও বিসিআইসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামানের দেওয়া জবানবন্দিতে এ তথ্য রয়েছে। সিআইডি সূত্র জানায়, তখন অস্ত্র আটকের ঘটনায় শিল্প মন্ত্রণালয়কে জড়িয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পরও কোনো ব্যাখ্যা বা ব্যবস্থা নিতে দেননি শিল্পমন্ত্রী নিজামী। বরং তিনি বলেছিলেন, এ বিষয়ে দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ অবগত আছে। সরকার সব ব্যবস্থা নিচ্ছে।গত ৭ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব শোয়েব আহমেদ চট্টগ্রামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, অবৈধ সমরাস্ত্রের বিশাল চালানটি ধরা পড়ার দুই দিন পর শিল্পমন্ত্রী নিজামীকে জানাতে গেলে তিনি বলেছিলেন, ‘আমি এ বিষয়ে সবকিছু অবগত আছি।’ শোয়েব আহমেদ আরও বলেন, অস্ত্র আটকের পর যে তিন মাস তিনি শিল্প মন্ত্রণালয়ে ছিলেন, তাতে তাঁর মনে হয়েছে, প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা হচ্ছে। মন্ত্রীর কথাবার্তা এবং অতিরিক্ত সচিব নুরুল আমিনের রহস্যজনক আচরণ দেখে মনে হয়েছে, পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।বাবর ও নিজামীকে আসামি করার ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি মনিরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত তথ্য-সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এঁদের আসামি করা হয়েছে।