ধার-কর্জ নির্ভর জীবনযাপন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ভোক্তা সমিতি বা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলেছে, সদ্য সমাপ্ত ২০১১ সালজুড়েই নিত্যপণ্যের বাজার ছিল বেসামাল। বাঁচার তাগিদে এ সময় অধিকাংশ ভোক্তা প্রয়োজনীয় ভোগ্যপণ্যের পরিমাণ কমিয়ে দিয়েছেন। অনেকে অতিকষ্টের সঞ্চয়ও ভেঙে ফেলছেন। ফলে বাড়ছে ধার-কর্জনির্ভর জীবন।দ্রব্যমূল্য নিয়ে তৈরি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে ক্যাব গতকাল রোববার আরও বলেছে, বছর শেষে জ্বালানির মূল্যবৃদ্ধি নতুন বছরের পণ্যমূল্য উসকে দেবে। আবার ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় পণ্যের আমদানি ব্যয়ও বাড়ছে। এর ফলে সাধারণ অসহায় ভোক্তারা হয়ে পড়ছেন দিশেহারা। ক্যাবের হিসাবে, গত বছর নিত্যপণ্যের দাম বেড়েছে ১২ দশমিক ৭৭ শতাংশ। আর এর প্রভাবে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ১১ দশমিক ৯৬ শতাংশ। এ সময় পাল্লা দিয়ে বৃদ্ধি পাওয়া যাত্রী পরিবহনের ভাড়া এবং লাগামহীন বাড়িভাড়াও সাধারণ মানুষকে কম ভোগায়নি। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির খড়্গ পড়েছে ভোক্তার ঘাড়ে।এত কিছুর পরও কিছুতেই যেন কিছু করার নেই ভোক্তাদের। ক্যাব বলছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরাসরি মামলা করার সুযোগ না থাকায় ভুক্তভোগীদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করায় অনীহা দেখা গেছে।ক্যাব পর্যবেক্ষণ করে দেখেছে, দেশে ধনী ও গরিবের আয়ের বৈষম্য বেড়েই চলেছে। প্রতিনিয়ত আয়ের সঙ্গে ব্যয়ের এই অসংগতি বাড়ার কারণে সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে।২০১০ সালে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছিল আগের বছরের চেয়ে ১৬ দশমিক ১০ শতাংশ বেশি। ২০০৯ সালে তা বেড়েছিল ৬ দশমিক ১৯ শতাংশ।ভোগ্যপণ্যে বেসামাল: ক্যাবের পাঠানো বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজ্যতেলের, ২৬ দশমিক ৪৪ শতাংশ। একই সময়ে মসলা ১২ দশমিক ১১ শতাংশ, তরিতরকারি ১৭ দশমিক ৩৩ শতাংশ, লবণ সাড়ে ৩৪ শতাংশ, চিনি ও গুড় ১৫ শতাংশ, মাছ ৮ শতাংশ, চা সাড়ে ২০ শতাংশ, ফল সাড়ে ১৬ শতাংশ এবং ডালের দাম বেড়েছে ৪ শতাংশ। তবে চালের দাম কমেছে ১০ শতাংশ।ভোগ্যপণ্যের দাম সাধারণের হাতের নাগালে রাখতে ক্যাবের সুপারিশগুলো হচ্ছে: ভোক্তা অধিকার আইন সংশোধন, বাজার সিন্ডিকেট রোধ করতে প্রতিযোগিতা আইন করা, জাতীয় মূল্য কমিশন গঠন ও বাস্তবায়ন, টিসিবি কার্যকর, ইত্যাদি। পরিবহন খাতে তুঘলকি কাণ্ড: ক্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, বছরজুড়েই বিদ্যুৎসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। পাল্লা দিয়ে বাড়ে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়াও। সব মিলিয়ে পরিবহন খাতে বিরাজ করছে এক তুঘলকি কাণ্ড। কিলোমিটারপ্রতি ভাড়া সরকার স্থিতিশীল রাখার চেষ্টা করলেও সরকার-নির্ধারিত ভাড়ায় যাত্রীদের পক্ষে চলাচল করা সম্ভব হয় না। সিএনজি অটোরিকশা ও ট্যাক্সিতে সরকার-নির্ধারিত ভাড়ায় যাতায়াত কঠিন হয়ে পড়েছে।বাড়িভাড়া লাগামহীন: বছরজুড়ে বাড়িভাড়াও ছিল লাগামহীন। ২০১১ সালে গড়ে বাড়িভাড়া বেড়েছে ১৫ দশমিক ৮৩ শতাংশ। পাকাবাড়ির ভাড়া বেড়েছে ১৩ দশমিক ২৭ শতাংশ, আধাপাকা বাড়ি ১৪ দশমিক ৭১ শতাংশ, মেসবাসা ১৭ দশমিক ৩৯ শতাংশ এবং বস্তিবাড়ির ভাড়া বেড়েছে ১৭ দশমিক ৯৫ শতাংশ।ক্যাবের মতে, বাড়িভাড়া বাড়ানোর ক্ষেত্রে বাড়িওয়ালারা সরকারের নিয়মনীতি ও বিদ্যমান আইন কোনো কিছুই তোয়াক্কা করেন না। দ্রব্যমূল্য, হোল্ডিং ট্যাক্স, গ্যাস, পানির মূল্যবৃদ্ধিকে অজুহাত দেখিয়ে ভাড়া বাড়ানো হয়। ক্যাবের পর্যবেক্ষণ হচ্ছে, বাড়িভাড়া বৃদ্ধির কারণে অনেক পরিবার শহর থেকে উপশহরে সরে যেতে বাধ্য হচ্ছে। ফলে সন্তানদের লেখাপড়া ও যাতায়াতের ক্ষেত্রে এসব মানুষের ভোগান্তি বাড়ছে।স্বাস্থ্য খাতে অরাজকতা: ক্যাব বলছে, স্বাস্থ্যসেবা খাতেও অরাজক অবস্থা চলছে। একই মানের একেক চিকিৎসক একেক রকম ফি নিচ্ছেন। কমিশন পাওয়ার জন্য চিকিৎসকেরা রোগীদের আর্থিক অবস্থা বুঝে বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় পরীক্ষা করানোর কথা ব্যবস্থাপত্রে লিখে থাকেন। রোগনির্ণয় কেন্দ্রগুলোতে চার্জ আদায়েও চলছে নৈরাজ্যকর পরিস্থিতি। জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত স্বাস্থ্যনীতি চূড়ান্ত ও তা বাস্তবায়ন করার দাবি জানায় ক্যাব।