যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রতিদিন ধারণক্ষমতার বাইরে মালপত্র নিয়ে মেঘনা সেতুর ওপর দিয়ে যানবাহন চলছে। আর সেতুর নিচ দিয়ে কার্গো জাহাজ চলে। এটা অব্যাহত থাকলে ভূমিকম্প ছাড়াই যেকোনো সময় ধসে পড়তে পারে সেতুটি।আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা জানান।ওবায়দুল কাদের জানান, কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে গিয়ে তিনি বাস্তব অবস্থা দেখেছেন। তিনটি সেতুর মধ্যে মেঘনা সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ বলে তিনি মনে করেন। তিনি জানান, যানবাহন চলাচলের সময় বিকট শব্দ হয়। তাই তিনটি বিকল্প সেতু নির্মাণের আগে সেতুগুলো রক্ষা করতে হবে। তা না হলে মানুষ যে বাঁচবে, এর কোনো নিশ্চয়তা নেই। তিনি জানান, সেতুটিকে রক্ষা করতে হলে জরুরিভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজায় ওজন পরিমাপের যন্ত্র বসাতে হবে।যোগাযোগব্যবস্থার উন্নয়নের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই। সময় কম কাজ বেশি।’ দাউদকান্দি অংশে ২২ কিলোমিটার এবং ফেনীর পর ২০ কিলোমিটার চার লেন প্রকল্পের কাজ সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিতে শেষ করার জন্য তিনি সড়ক ও জনপথকে নির্দেশ দেন।ওবায়দুল কাদের জানান, সরকার আসবে, সরকার যাবে; কিন্তু সড়ক থাকবে। এটা জাতীয় ও জনগণের সম্পদ। এ ব্যাপারে তাঁকে ও তাঁর মন্ত্রণালয়কে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। মহাসড়কে যানজট নিরসনে মিছিল, সমাবেশ যাতে না হয়, সে ব্যাপারে লক্ষ রাখার জন্য তিনি হাইওয়ে পুলিশকে নির্দেশ দেন। মহাসড়কে বাস-ডাকাতি রোধে গোয়েন্দা তত্পরতা বৃদ্ধির জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী।