‘আমি এখন কুয়াকাটায়। শুটিং করছি। এক ঘণ্টার দুটি নাটক—সুপ্রিয় তুমি ও হয়তো চিঠিটা অর্থহীন ছিল। ফারিয়া হোসেনের লেখা ও পরিচালনা করছেন মিজানুর রহমান। ছয় বছর আগে একবার এখানে এসেছিলাম। তখন যেমন ছিল, এখনো তেমনই আছে। এতটুকু পরিবর্তন হয়নি। চমৎকার বাতাস। খুব নিরিবিলি। কিন্তু থাকার ব্যবস্থা আর রাস্তার অবস্থা একেবারেই খারাপ। যতটা উন্নয়ন প্রয়োজন ছিল, তার কিছুই হয়নি। শুটিংয়ের কোনো পরিবেশ নেই।’ বললেন জয়। চ্যানেল নাইনে এখন প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক সমীকরণ। লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন আলভি আহমেদ। অভিনয় করেছেন জয়। কথা হলো তাঁর সঙ্গে।কুয়াকাটায় কে কে অভিনয় করছেন?আমরা মাত্র দুজন শিল্পী—আমি আর সুমাইয়া শিমু। দুটি নাটকই দুটি মাত্র চরিত্র নিয়ে। চার দিন ধরে কাজ করছি। কাল (রোববার) ঢাকায় ফিরব। ‘সমীকরণ’ নাটকের কাজ কোথায় করেছেন?কক্সবাজারে। আমার বাবা ছিলেন স্কুলমাস্টার। তাঁকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছয়জন ছেলেমেয়ে। বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি তাদের পিছু নিই। বিভিন্ন ঘটনায় তারা প্রত্যেকেই পর্যায়ক্রমে নিখোঁজ হয়। তবে সামনে আরও চমক থাকবে।আপনি তো নিজে পরিচালনার কাজ শুরু করেছিলেন। তার কী খবর?করছি। এবারই প্রথম আমি ধারাবাহিক নাটক পরিচালনা করছি। নাম ঘুড়ি ওড়ে। লিখেছিও আমি। এটিএন বাংলায় যাবে। এ নাটকে বন্যা মীর্জা শত বছর বয়সী নারীর গেটআপ-মেকআপ নিয়েছেন। আর আমার চরিত্রও মজার, একজন পুলিশ কর্মকর্তার। নাম চুলবুল পাণ্ডে। এক ঘণ্টার নাটক আর টেলিছবি?ওটাই এখন বেশি করছি। ১১ এপ্রিল চ্যানেল আইয়ে আমার লেখা ও পরিচালনায় একটি টেলিছবি প্রচারিত হবে। নাম চুক্তিপত্র। আশা করছি দর্শকের ভালো লাগবে।