ধারাবাহিক নাটকে অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসেছে রবি চৌধুরীর নতুন অ্যালবাম চট্ট-মেট্রো। প্রকাশ করেছে লেজার ভিশন। সব কটি গানই চট্টগ্রামের আঞ্চলিক ভাষার। অ্যালবামটি রবি উৎসর্গ করেছেন শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবকে। কথা হলো রবি চৌধুরীর সঙ্গে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান নিয়ে অ্যালবাম করার ব্যাপারে আগ্রহী হলেন কেন?আমি চট্টগ্রামের ছেলে। বিচ্ছিন্নভাবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান করেছি। কিন্তু পুরো একটি অ্যালবাম করার ইচ্ছে অনেক দিন থেকেই ছিল। চট্ট-মেট্রো অ্যালবামের মধ্য দিয়ে সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। গানের জগতে বেড়ে ওঠার ক্ষেত্রে চট্টগ্রামের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। চট্ট-মেট্রো আমার ৬০তম একক অ্যালবাম।‘চট্ট-মেট্রো’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।এটি পুরোপুরি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গানের অ্যালবাম। গান আছে ১০টি। রয়েছে দুটি দ্বৈতকণ্ঠের গান। একটিতে কণ্ঠ দিয়েছেন শাকিলা জাফর, অন্যটিতে কান্তা নন্দী। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান হলেও বেশির ভাগই মৌলিক। এগুলোর কথা লিখেছেন চট্টগ্রামের গীতিকার আবদুল গফুর হালিম, এম এন আকতার, আশকার আলী পণ্ডিত, মহিউদ্দীন আল ভান্ডারি, অচিন্ত্য কুমার চক্রবর্তী। আমি নিজেও লিখেছি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনার কাজটি আমিই করেছি। শুনলাম, আপনি নাকি অভিনয় করছেন?শখের বশে কাজটা করেছি। ধারাবাহিকটির নাম আগন্তুক। পরিচালনা করেছেন মনির হোসেন। তিনি আমার অনেক দিনের পরিচিত। বন্ধুত্বের কারণেই নাটকটিতে অভিনয় করতে হয়েছে। তবে আমি গানের মানুষ, গান নিয়েই থাকতে চাই। নতুন আর কী করছেন?‘জীবন বুঝি এক মৌসুমি বৃষ্টি’ শিরোনামের একটি গানের কাজ করেছি। এটি দি মনসুন রেইন ধারাবাহিকের শিরোনাম সংগীত। এ ছাড়া আমার গানগুলো থেকে ৫০টি গান নিয়ে একটি সংকলন প্রকাশের কাজ চলছে। একটি দেশের গান তৈরি করেছি। ‘যে দেশেতে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা/সে দেশ ছেড়ে আমি কোথাও যাব না’ গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা আমিই করেছি। বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে গানটি প্রচারিত হওয়ার কথা আছে। এ ছাড়া আমার পরবর্তী অ্যালবামেও গানটি রাখব।