দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক গহীনে। লিখেছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। নাটকটিতে অভিনয় করেছেন মম। কথা হলো তাঁর সঙ্গে।‘গহীনে’ ধারাবাহিকের পারুলের কথা বলুন।পারুলের স্বামী অনেক বছর আগে খুন হয়েছে। সেই খুনের রহস্য উদ্ঘাটন করতে পরিচয় গোপন করে রমলা দেবীর বাড়িতে আসে পারুল। একসময় সে জানতে পারে, যার সহযোগিতা নিয়ে সে এই বাড়িতে এসেছে, সেই মকবুলই তার স্বামীকে হত্যা করেছে। মকবুলকে খুন করে সে। বাড়ির সবাই পারুলের পরিচয় জানতে পারে। রমলা দেবীর বাড়িতেই থাকার অনুমতি পায় পারুল।আপনি এর আগে বদরুল আনাম সৌদের আর কোনো নাটকে কাজ করেছেন?না, এই ইউনিটের সঙ্গে গহীনে আমার প্রথম নাটক। আর অভিজ্ঞতাও হয়েছে চমৎকার। আমার চরিত্র নাটকে একেবারে শেষ দিকে ঢুকেছে। নাটকটি অন্যগুলো থেকে আলাদা। তাই যেখানেই অসুবিধা হয়েছে, সেখানেই সুবর্ণা মুস্তাফার কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছি। পরিচালক না হয়েও তিনি নানা ধরনের পরামর্শ দিয়েছেন। আর সৌদের পরিচালনা তো অসাধারণ। আপনি বলছেন, পারুল চরিত্র নাটকে একেবারে শেষ দিকে ঢুকেছে। তার মানে নাটকের কাজ শেষ হয়ে গেছে?হ্যাঁ, ধারাবাহিকটির কাজ শেষ হয়েছে। গত ২৪ ডিসেম্বর আমরা শেষ পর্বের শুটিং করে এসেছি। সেদিন সেটে অনেক শিল্পী ছিলেন। দুপুরে বড় করে খাবারের আয়োজন করা হয়। দারুণ আনন্দ হয়েছিল।‘কবি’ ধারাবাহিকে গায়ের রং কীভাবে বদলিয়েছেন?শুটিংয়ের সময় প্রতিদিন সকালে দুই ঘণ্টা মুখ-হাত-পায়ে কালো মেকআপ নিতে হয়। আমার চরিত্র ঠাকুরঝির। শুটিং করেছি গাজীপুর ভাওয়াল রেলস্টেশনে। বাসা থেকে রওনা হতাম ভোরে। তারাশঙ্করের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করছেন আরিফ খান ও সাধনা আহমেদ। প্রচারিত হচ্ছে এনটিভিতে।