ধারাবাহিকে ব্যস্ত রিচি সোলায়মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় মাস যুক্তরাষ্ট্রে কাটানোর পর গত জানুয়ারি মাসে দেশে ফিরেছেন অভিনয়শিল্পী রিচি সোলায়মান। আর দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম নিয়েই আবারও কাজে যোগ দিয়েছেন তিনি। শুরু করেছেন নতুন দুটি ধারাবাহিকের কাজ। চৌধুরী ভিলা নামের ১০৪ পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন রিচি। গত ২৫ জানুয়ারি ক্যামেরার সামনে দাঁড়ান রিচি। ধারাবাহিকটি লিখেছেন মশিউল আলম। আর পরিচালনা করছেন হিমেল আশরাফ। নাটকে একজন গৃহকর্মী বা বুয়ার চরিত্রে অভিনয় করছেন রিচি।নির্মাতা সূত্রে জানা গেছে, চৌধুরী ভিলা নাটকটি এনটিভিতে দেখানো হবে। এ ছাড়া গত ৩১ জানুয়ারি থেকে সমুদ্রসৈকত কক্সবাজারে শুরু করেছেন নতুন আরেকটি ধারাবাহিকের। নাম ওপাশে বরফ ডানা। পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এতে রিচি সোলায়মানের সহশিল্পী হিসেবে আছেন অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন। প্রথম আলো অনলাইনকে রিচি বলেন, ‘৬ জানুয়ারি দেশে ফেরার পর কিছুদিন বিশ্রামেই ছিলাম। ১৩ জানুয়ারি মিডিয়া পিকনিকে যাওয়ার পর সবাই আমার বাংলাদেশে আসার ব্যাপারটি টের পান। এরপর বেশ কয়েকজন নির্মাতা তাঁদের নাটকে অভিনয়ের ব্যাপারে প্রস্তাব দেন আমাকে। এর মধ্যে চৌধুরী ভিলা এবং ওপাশে বরফ ডানা নাটক দুটির চিত্রনাট্য ভালো লাগাতে অভিনয় শুরু করে দিই। আমার মনে হচ্ছে দুটো নাটকেই অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে।’রিচি আরও বলেন, ‘এবার অবশ্য কত দিন দেশে থাকব সে সিদ্ধান্ত এখনো নিইনি। তাই এই সময়ের মধ্যে ভালো কিছু নাটকে অভিনয় করতে চাই।’উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি হঠাত্ করেই যুক্তরাষ্ট্রে চলে যান অভিনয়শিল্পী রিচি সোলায়মান। সে সময় জানা গিয়েছিল সহসাই তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই। স্বামী, সন্তান আর সংসার নিয়ে আপাতত সেখানেই থাকবেন তিনি। মাস ছয়েক যুক্তরাষ্ট্রে বেড়ানোর পর গত ৬ জানুয়ারি দেশে ফেরেন তিনি।